Last Updated:
Murshidabad News: ধুলিয়া ও পরলালপুর ঘাটে আর নয় জুলুম। রাজ্যে পালাবদলের পর প্রশাসনের কড়া হুঁশিয়ারিতে বন্ধ অতিরিক্ত ভাড়া আদায়। স্বস্তিতে দুই পাড়ের হাজার হাজার সাধারণ মানুষ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যে সরকার এক সপ্তাহ ধরে পরিচালিত হতেই অন্য ছন্দে ফিরছে ধুলিয়ান। ধুলিয়ান গঙ্গাঘাট এবং পারলালপুর গঙ্গাঘাটের দুই পাড়ে অবশেষে বন্ধ হল অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়ার প্রক্রিয়া। বছরের পর বছর ধরে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হতো ঘাট মালিকদের।
যাত্রীদের অভিযোগ, কোনওরকম সরকারি ডাক ছাড়াই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হতো পারলালপুর গঙ্গাঘাট এবং ধুলিয়ান গঙ্গাঘাটে। রাজ্যে বিজেপি সরকার আসার পর অর্থাৎ পালাবদলের পরেই প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয় দুই ঘাটে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সেই অতিরিক্ত তোলা আদায় পদ্ধতি। যদিও শুধুমাত্র নৌকায় যাতায়াত করার জন্য মাথাপিছু ১০ টাকা করে নিচ্ছেন মাঝিরা। প্রশাসনের এই সিদ্ধান্তে আপাতত খুশি সাধারণ মানুষ।
উল্লেখ্য, মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পারলালপুর, সোভাপুর, পার বৈদ্যনাথপুর-সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ দৈনন্দিন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শহরে যাতায়াত করে থাকেন। এপার থেকে ওপারে দৈনন্দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এই যাতায়াত প্রক্রিয়ায় অতিক্রম করতে পালালপুর গঙ্গাঘাটে এবং ধুলিয়ান গঙ্গাঘটে অতিরিক্ত দশ টাকা করে মাথাপিছু দিতে হত। পাশাপাশি নৌকাতেও দিতে হতো টাকা।
কিন্তু রাজ্যে পালাবদল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই অতিরিক্ত টাকা আদায়। দীর্ঘদিন ধরে সরকারিভাবে ঘাটটি ডাকে না উঠানো হলেও কেন এভাবে টাকা নেওয়া হতো তা নিয়ে বহুবার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। কিন্তু অভিযোগ, তৎকালীন শাসকদলের বেশ কিছু নেতৃবৃন্দ ঘাট পারাপার প্রক্রিয়ায় যুক্ত থাকাই কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে রাজ্যে বিজেপি সরকার আসার পরেই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অতিরিক্ত টাকা আদায়। ফলে স্বাভাবিক কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই পাড়ের হাজার হাজার সাধারণ মানুষ।
Murshidabad,West Bengal
Murshidabad News: আর জুলুম নয়! গঙ্গাঘাটে বন্ধ বেআইনি তোলা আদায়, নদী পার করতে যাত্রীদের দিতে হবে না অতিরিক্ত অর্থ