তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভায় গিয়ে গান গাইলেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। মঙ্গলবার দুপুরে তিনি পুরসভায় গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। শহরের পুর পরিষেবা যাতে স্বাভাবিক ভাবে চলে সেসব নিয়ে কথা বলেন তিনি। নতুন বিধায়ক ভাল গায়ক৷ ফলে পুরসভার কর্মীরা তাঁকে অনুরোধ করেন গান গাইতে। সকলের কথা ফেলতে পারেননি অজয় রায়৷ মাইক হাতে গান শুরু করেন দিনহাটার নবনির্বাচিত বিজেপি বিধায়ক৷ ঠাকুর বন্দনার গান শুরু করেন তিনি৷ জয় সিয়া রাম, জয় জয় রাম গেয়ে সকলকে মুগ্ধ করে দেন৷ সত্যিই অজয় রায়ের গানের গলা যে এতটা মধুর, তা হয়ত অনেকের জানা ছিল না৷ ফলে সকলেই প্রশংসা করতে থাকেন অজয় রায়ের এই গান৷