Last Updated:
Child Death Stuck in Lift:পুলিশ জানিয়েছে, লিফটটি চলতে শুরু করলেও দ্বিতীয় তলায় পৌঁছানোর আগেই মাঝপথে থেমে যায়, ফলে শিশুটি ভেতরে আটকে পড়ে। ফলে দু’টি ফ্লোরের মাঝেই আটকে পড়ে প্রাণ হারায় অসহায় শিশুটি।
পুনে: পুলিশ জানিয়েছে, পুনের সিংহগড় রোড এলাকার একটি আবাসিক ভবনের লিফটে আটকে পড়ে সাত বছর বয়সি এক শিশু মারা গেছে। মৃত শিশুর নাম শিবাংশ শৈলেশ ধুত। ঘটনাটি নিমবাজিনগরের ঋদ্ধি সিদ্ধি অ্যাপার্টমেন্টে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও শিবাংশ রাত প্রায় ১০টার দিকে হাউজিং সোসাইটির চত্বরের ভিতরে খেলছিল। এ সময় সে বিল্ডিংয়ের লিফটে ঢুকে একটি বোতাম টিপে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, লিফট চলতে শুরু করলেও দ্বিতীয় তলায় পৌঁছানোর আগেই মাঝপথে থেমে যায়, ফলে শিশুটি ভিতরে আটকা পড়ে। দীর্ঘ সময় ধরে শিবাংশ বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্য ও অন্যান্য বাসিন্দারা তাকে খুঁজতে শুরু করেন।
অনুসন্ধান চলার সময় বাসিন্দারা সন্দেহ করেন যে লিফটটি হয়তো আটকে গিয়েছে। রাত প্রায় সাড়ে ১১টার দিকে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী ও সিংহগড় রোড থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানের পর লিফটটি খোলে। কিন্তু শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সন্দেহ করছে যে, দীর্ঘ সময় ধরে আবদ্ধ স্থানে আটকে পড়ার কারণে ছেলেটির মৃত্যু হয়ে থাকতে পারে, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে লিফটটিতে তাৎক্ষণিক কোনও কারিগরি ত্রুটি পাওয়া যায়নি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের ওপর বর্তায়। সিংহগড় রোড পুলিশ একটি আকস্মিক মৃত্যু প্রতিবেদন নথিভুক্ত করেছে এবং আরও তদন্ত চলছে।
সিংহগড় রোড থানার সিনিয়র ইন্সপেক্টর বিনয় পাটানকার বলেন, “বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে থানা থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং দমকল বাহিনীকেও ডাকা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেটি আবাসিক সোসাইটির চত্বরে খেলার সময় লিফটে ঢুকে পড়েছিল। গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
