Last Updated:
বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ রাজধানীতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় তাঁর৷
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার দিল্লিতে এসে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে শুভেন্দু অধিকারীর৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা তাঁর৷
গতকাল রাতে দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ তার পর আজ সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর৷ গত বুধবারই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকারও৷ রাজ্যে পরিবর্তনের পর সেই কাজই তরান্বিত হবে বলে মত রাজনৈতিক মহলের৷ ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ এর পর বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে শুভেন্দু অধিকারীর৷
এ ছাডা়ও আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণেরও বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে রাজ্যে পরিবর্তনের পর বাংলার জন্য কেন্দ্রের আরও আর্থিক বরাদ্দের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তৃণমূল সরকারের আমলে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে যে বাধা এবং খরচের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে, নতুন সরকারের আমলে সেই অভিযোগও দূর হবে বলেই এতদিন দাবি করে এসেছে বিজেপি নেতৃত্ব৷ ফলে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রী সাক্ষাতে বাংলার লক্ষ্মীলাভের সম্ভানাও থাকছে৷
এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য৷ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘যা হওয়ার তা হবে, পশ্চিমবঙ্গের ভালর জন্যই হবে৷ ঘোষণা সর্বস্ব সরকার হবে না৷ খেলা, মেলা মোচ্ছবের সরকার হবে না৷ এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার৷ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়েই কাজ করবে৷’
Kolkata,West Bengal
