Last Updated:
PM Narendra Modi Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে এল প্রশাসনিক গতি বাড়ানোর বার্তা। বৈঠকে মন্ত্রীদের সমস্ত প্রস্তাবিত ও বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: মন্ত্রীদের প্রস্তাবিত সমস্ত কাজ দ্রুত শেষ করার আর্জি প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি, সেখানেই তিনি মন্ত্রীদের বাকি থাকা কাজে গতি আনতে এবং অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া এড়িয়ে চলার পরামর্শ দেন। বিকেল ৫’টার দিকে শুরু হওয়া এই উচ্চ-পর্যায়ের বৈঠক প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এবং এতে প্রশাসনিক সংস্কার, দক্ষতা এবং সরকারের দীর্ঘমেয়াদী ‘বিকশিত ভারত ২০৪৭’ প্রকল্পের বিষয়ে আলোকপাত করা হয়।
সূত্রের খবর, সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “অতীতের সাফল্য পর্যালোচনা না করে এখন ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। আমাদের সরকার ২০১৪ সাল থেকে ক্ষমতায়, কিন্তু এখন ২০২৬। ভবিষ্যতে আমরা আরও কী করতে পারি, তা আমাদের দেখতে হবে। আর পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়।” তিনি আরও জানান, ‘বিকশিত ভারত ২০৪৭’ শুধু একটি স্লোগান নয়, বরং একটি জাতীয় অঙ্গীকার। সমস্ত মন্ত্রককে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রে জনকল্যাণকে রাখার জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রী মন্ত্রীদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে এবং আমলাতান্ত্রিক বিলম্ব কমানোর নির্দেশ দেন। তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রক্রিয়ায় আটকে না থেকে সরকারি সমস্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কম সময়ে বেশি কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদি দক্ষতা ও মানুষের পরিষেবা প্রদানের উন্নতির জন্য প্রশাসনিক প্রক্রিয়ায় আরও সারল্য আনার নির্দেশ দেন। বৈঠক চলাকালীন কৃষি, বন, শ্রম, সড়ক পরিবহন, কর্পোরেট বিষয়ক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ-সহ বিভিন্ন মন্ত্রকের পক্ষ থেকে উপস্থাপনা করা হয়। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর এবং ভারতের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
Kolkata,West Bengal
