Last Updated:
Business Idea: সংসারের আর্থিক অনটনে পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে যেতে হয়েছিল ভিন রাজ্যে। কিন্তু ইন্টারনেটের সঠিক ব্যবহার বদলে দিল জীবন। মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করে আজ প্রতিদিন হাজার হাজার মাটির ভাঁড় তৈরি করে মালদহ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাপ্লাই দিচ্ছেন দুই বন্ধু।
মালদহ, জিএম মোমিন: কাজের সন্ধানে আর ভিন রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে না। ইউটিউবে একটি ভিডিও দেখেই জীবনের মোড় ঘুরে গেল মালদহের দুই যুবকের। বাড়িতেই ছোট্ট কারখানা গড়ে তুলে মাটির চায়ের ভাঁড় তৈরি করে এখন স্বনির্ভর হয়ে উঠেছেন ইংরেজবাজারের কাগমারী হাটপাড়া এলাকার রাহুল পাল ও আলপাড়ার গোপি চৌধুরী।
স্কুল জীবন থেকেই দুইজনের গভীর বন্ধুত্ব। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে দশম শ্রেণির পরই পড়াশোনা থেমে যায়। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় দু’জনকেই। সেখানেই কাজ করার সময় ব্যবসা করার পরিকল্পনা মাথায় আসে। ইউটিউবে মাটির কাপ তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হন তারা। এরপর প্রায় এক লক্ষ টাকা বিনিয়োগ করে অনলাইনের মাধ্যমে কেনেন মাটির কাপ তৈরির মেশিন। বর্তমানে প্রতিদিন মেশিনের সাহায্যে প্রায় ১৫০০ থেকে ২০০০টি মাটির ভাঁড় তৈরি করছেন দুই বন্ধু। প্রতি পিস এক থেকে দুই টাকা দামে বিক্রি হচ্ছে এই ভাঁড়। শুধু মালদহ নয়, রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যেও যাচ্ছে তাদের তৈরি সামগ্রী।
রাহুল পাল জানান, “ইউটিউবে ভিডিও দেখেই এই ব্যবসার ভাবনা আসে। মাত্র দুই মাস হল কাজ শুরু করেছি। আগামী দিনে ব্যবসা আরও বড় করার ইচ্ছে রয়েছে। দুই বন্ধু মিলে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ পিস মাটির কাপ তৈরি করি। ভাল আয় হয়ে যায়।” অন্যদিকে গোপি চৌধুরী বলেন, “এখনও পা দিয়ে মাটি মাখাতে হয়। ভবিষ্যতে মাটি মাখানোর মেশিন কিনতে পারলে কাজ আরও দ্রুত ও সহজ হবে। দিনে ২০০০ টাকার কাপ তৈরি হয়ে যায়। বাড়িতেই এখন ভাল রোজগার হচ্ছে।”
Maldah,West Bengal
May 22, 2026 12:47 PM IST