Last Updated:
South 24 Parganas News: সামনেই বর্ষাকাল, তার আগেই কাকদ্বীপ মহকুমার বেহাল নদীবাঁধ সংস্কারে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক। মাটির বা বালির অস্থায়ী বাঁধ নয়, এবার আইআইটি চেন্নাই ও নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের গাইডলাইন মেনে সাগরের কপিলমুনি মন্দিরের সামনে তৈরি হবে দীর্ঘস্থায়ী সমুদ্রবাঁধ।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্রবাঁধের কাজে গতি ফেরার আশায় স্থানীয়রা। ইতিমধ্যেই প্রাশাসনিক বৈঠক করে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল এই কাজ সঠিকভাবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় করার নির্দেশ দিয়েছেন। যার ফলে আশায় বুক বাঁধছে স্থানীয়রা। এই কাজ নিয়ে সাগরের বিডিও সুমন্ত মণ্ডল জানিয়েছেন, “মাটির বাঁধ বা বালির বাঁধ হবে না। এক জায়গাতে বারংবার ওই কাজ চলবে না। যে কাজ করলে দীর্ঘস্থায়ী হবে সেই কাজ করতে হবে। আইআইটি চেন্নাই ও নেদারল্যান্ডসের প্রতিনিধির রিপোর্ট কী আছে এবং সেই অনুযায়ী কাজ কী হয়েছে সবকিছু জেনে দ্রুত কাজ করতে হবে।”
ইতিমধ্যেই কাকদ্বীপে মহাকুমা শাসকের দফতরে এ নিয়ে মিটিং হয়েছে। সেখানে বিপজ্জনক নদীবাঁধগুলিকে এক সপ্তাহের মধ্যেই চিহ্নিত করে মেরামত শুরু করতে হবে বলা হয়েছে। এক্ষেত্রে কোনও বেনিয়ম করা যাবে না। স্বচ্ছতা রেখে কাজ করতে হবে। এমনকি সাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশের ভগ্ন সমুদ্রবাঁধের কাজও শীঘ্রই শুরু করতে হবে।
এখানকার বিভিন্ন দফতরের কাজকর্ম বর্তমানে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহকুমার কোথায় কী সমস্যা রয়েছে, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই বিপজ্জনক নদীবাঁধগুলি মেরামতের কাজ শুরু করতে হবে। একটি নদীবাঁধের কাজ বারবার করা যাবে না। স্থায়ীভাবে নির্মাণ করতে হবে। কাজের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে এবং নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করতে হবে। এছাড়াও বিভিন্ন দফতরের অসম্পূর্ণ কাজগুলিকে কীভাবে সম্পূর্ণ করা যায়, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
South Twenty Four Parganas,West Bengal