Last Updated:
Twisha Sharma Death Case Update: ভোপালের ত্বিশা মৃত্যুমামলা এবার শুনবে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ প্রধান বিচারপতির। সোমবার শুনানিতে নজর দেশের।
ভোপাল: মামলা গড়াল সুপ্রিম কোর্টে। মডেল তথা অভিনেত্রী ত্বিশা শর্মা-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২৫ মে মামলার শুনানির দিন ধার্য করেছে দেশের সুপ্রিম কোর্টে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি-র বেঞ্চে মামলার শুনানি হবে। আদালতের তালিকাভুক্ত নথিতে মামলার শিরোনাম রাখা হয়েছে– ”এক তরুণীর বৈবাহিক বাড়িতে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে প্রাতিষ্ঠানিক পক্ষপাত ও তদন্তে গাফিলতির অভিযোগ”। গত সপ্তাহে ভোপালে শ্বশুরবাড়ি থেকে ত্বিশার দেহ উদ্ধার হয়। এরপর থেকেই তাঁর পরিবার অভিযোগ করে আসছে, স্বামী সমর্থ সিং এবং তাঁর মা অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং প্রভাব খাটিয়ে তদন্তে বিলম্ব ঘটানোর চেষ্টা করেছেন।
অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় গিরিবালা সিংকে তৃতীয় ও শেষ নোটিস পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্টে-ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া আগাম জামিন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনের প্রেক্ষিতে জবাব তলব করেছে। ২৫ মের মধ্যে তাঁকে আদালতে উত্তর দিতে বলা হয়েছে। এদিকে মামলার গুরুত্ব বাড়তেই সমর্থ সিংয়ের আইনজীবী লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ফলে তদন্ত চলাকালীন তিনি নিজের নামের আগে “অ্যাডভোকেট” শব্দ ব্যবহার করতে পারবেন না।
এই মামলায় শুক্রবার সন্ধ্যায় আত্মসমর্পণ করেছেন ত্বিশার স্বামী৷ অভিযুক্ত সমর্থ ১০ দিন ধরে পলাতক ছিলেন। এর আগে তিনি আত্মসমর্পণের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। শনিবার ভোপালে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছান এক পুলিশ আধিকারিক৷ তিনি জানান, মধ্যপ্রদেশ আদালতের জারি করা একটি রিপোর্ট দিতেই তিনি গিয়েছিলেন৷ বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই পুলিশ আধিকারিক বলেন, “আমি হাই কোর্টের একটি নোটিস নিয়ে এসেছি।” নোটিসটি গিরিবালা সিংয়ের জন্য কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ।”
Kolkata,West Bengal
