Last Updated:
Ayushman Arogya Mandir Scheme: চালু হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্প। রাজ্যজুড়ে বিনামূল্যে ক্লিনিক নিয়ে দিল্লিতে বড় সিদ্ধান্ত শুভেন্দুর। শনিতেই আয়ুষ্মান মন্দির চালু করতে গুরুত্বপূর্ণ আলোচনা।
নয়াদিল্লি: ‘আয়ুষ্মান মন্দির’ চালু হতে চলেছে বাংলায়। এই মর্মে আগেই ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার। এবার এই আয়ুষ্মান প্রকল্প বাস্তবায়নের পথে আরও একধাপ এগোলো কেন্দ্র। দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র চালুর জন্য শনিবারই বৈঠক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার দফায় দফায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার রয়েছে আয়ুষ্মান মন্দির চালু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। নতুন সরকারের অন্যতম লক্ষ্য বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ কেন্দ্রের সঙ্গে জরুরি বৈঠক সারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, আয়ুষ্মান মন্দির চালু করার জন্য শনিবার দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভার্চুয়াল বৈঠক হবে। অনুমোদন দেওয়া হবে।
শুক্রবার দিল্লিতে এই প্রসঙ্গে শুভেন্দুর বলেন, ‘‘কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোর কারণে কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল এতদিন। আমরা সেসব সমাধান করব। আয়ুষ্মান মন্দির নামটি ব্যবহার করা হয়নি। তার কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভোটাররা তাতে ক্ষুব্ধ হতেন।”
এদিকে ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। বলা হয়েছে এবার রং বদলাবে রাজ্যের সব সরকারী স্বাস্থ্যকেন্দ্রর। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ব্র্যান্ডিং করা হবে।
আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ব্র্যান্ডিং বাধ্যতামূলক, এমনটাই নির্দেশ জারি স্বাস্থ্য দফতরের।
সেই অনুযায়ী রং বদলাচ্ছে গোটা রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলির। সাব সেন্টার , প্রাইমারি হেলথ সেন্টার, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং আরবান প্রাইমারি হেলথ সেন্টার — কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্ধারিত নতুন ব্র্যান্ডিং গাইডলাইন অনুযায়ী সাজাতে হবে বলেও জানায় হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে।
আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ব্র্যান্ডিংয়ে কেমন হবে স্বাস্থ্য কেন্দ্রগুলির রং,এই সংক্রান্ত অনুমোদিত ব্র্যান্ডিং প্রোটোটাইপ, ফ্যাসাড ব্র্যান্ডিং ম্যানুয়াল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সংশোধিত নির্দেশিকার কপিও জেলার স্বাস্থ্য কর্তাদের পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী ভবনের মূল রং হবে “Yellow Metal” এবং বর্ডার বা অন্যান্য নির্দিষ্ট অংশে ব্যবহার করতে হবে “Ethnic Brown”।
পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয়টি প্রতীক এবং NHM-এর লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নির্মীয়মাণ ব্লক প্রাইমারি হেলথ ইউনিট (BPHU) এবং ব্লক প্রাইমারি হেলথ সেন্টার (BPHC)-গুলিকেও একই রঙ ও ব্র্যান্ডিং নীতির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গোটা রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলির বাহ্যিক চেহারায় একই রূপ বজায় থাকে।
Kolkata,West Bengal
