কলকাতা: রবিবাসরীয় সকালে, হঠাৎ চমক দেবের (Dev)। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে একেবারে অচেনা বেশে ছবি শেয়ার করে নিয়েছেন দেব। একেবারে রাজার মতো সেজেছেন তিনি। মাথায় পাগড়ি, কুঁচি দিয়ে পরা ধুতি, কাজ করা তসরের পাঞ্জাবিতে একেবারে অচেনা দেব। নাকের নিচে আবার দিব্যি একখানা গোঁফ জোড়া। দেবের পায়ে নাগরা, হাতে আংটি। মুচকি হেসে দেব তাকিয়ে আছেন ক্যামেরার দিকেই। ক্যাপশনে দেব লিখেছেন, একদম নতুন অবতারে দেখা হবে। অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা দেবের নতুন সিনেমা, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র। অন্যদিকে জোরকদমে ‘দেশু ৭’-এর ও প্রস্তুতি নিচ্ছেন দেব। কিন্তু হঠাৎ কেন এই বেশ দেবের?
দেবের লুকে চমক
সেই উত্তর অবশ্য অজানা। অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা দেবের নতুন সিনেমা, কিন্তু সেই সিনেমার লুক এটি নয়। পাশাপাশি দেব ইঙ্গিত দিয়েছেন যে, মে মাসের ২৫ তারিখ, অর্থাৎ আগামীকাল দেখা হবে। আগামীকাল কোন চমক দেব নিয়ে আসবেন, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। অনেকেই মনে করছেন, দেব নতুন কোনও ছবির ঘোষণা করতে চলেছেন। অনেকে আবার মনে করছেন, দেবের ছবিতেই রয়েছে এমন কোনো চমক। সেই কারণে এইরকম একটি লুক শেয়ার করে নিয়েছেন দেব। তবে কেন দেব এমন ‘রাজার রাজা’-র লুকে ধরা দিয়েছেন, সেটার জন্য আগামীকালের অপেক্ষা করতেই হবে।
ব্যান কালচার নিয়ে সরব দেব
প্রসঙ্গত, অভিনেতা দেব (Dev Adhikari) বারবার টালিগঞ্জে ব্যান কালচার দূর করার হয়ে সওয়াল করেছেন । অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির বৈঠকে যিনি ৭২ ঘণ্টার মধ্যে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-সহ বাকিদের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য জোরাল সওয়াল করেছিলেন । টলিউডের এক সময়কার সর্বেসর্বা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের সংঘাতও সর্বজনবিদিত । এবার কি তাঁদেরই ঘুরিয়ে কটাক্ষ করলেন দেব? বিজেপি (BJP) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসেছে । কার্যত দুরমুশ হয়েছে তৃণমূল কংগ্রেস । তারপরই বিজেপির কাছে কী দাবি, কী প্রত্যাশা, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন দেব (Actor Dev) ।