Last Updated:
Marco Rubio Visits The Taj Mahal: ঐতিহাসিক প্রেমের সৌধ দেখে মুগ্ধ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তাজ দর্শনের পর স্ত্রী জ্যানেটের সঙ্গে বসে ছবিও তোলেন তিনি। মঙ্গলবার তাঁর ৪ দিনের ভারতসফরের শেষ পর্ব
আগ্রা : ভারতসফরে থাকা মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও সস্ত্রীক তাজমহলে গেলেন৷ সোমবার সকালে তাজ দর্শন হল রুবিও দম্পতির৷ ঐতিহাসিক প্রেমের সৌধের সামনে স্ত্রী জেনেটের সঙ্গে ছবিও তোলেন মার্কিন বিদেশসচিব৷ রুবিও বলেন, এই স্থাপত্য দর্শনের অর্থ হল ভ্রমণ করা দেশের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের সুযোগ৷ তাজের শহর আগ্রায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের রুবিও বলেন, ‘‘এটি বিশ্বের অন্যতম বিস্ময়। আমি মনে করি, ভ্রমণে যাওয়া দেশগুলোর সংস্কৃতির প্রতি সম্মান দেখানো জরুরি’’। তিনি বলেন, কোয়াড-বৈঠক মঙ্গলবারের আগে অনুষ্ঠিত হতে না পারার জন্য তাঁর ব্যস্ত সময়সূচিতে একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। তাই ভারতের কিছু সাংস্কৃতিক স্থান ঘুরে দেখার এবং এই দেশের প্রতি শ্রদ্ধা জানানোর এটি একটি ভাল সুযোগ ছিল। ‘‘এখানে দেখার মতো অনেক কিছু আছে, এত বড় একটি দেশ যেখানে রয়েছে প্রচুর বৈচিত্র্য এবং এক সমৃদ্ধ ইতিহাস। তাই দেশের জন্য প্রতীকী কিছু দেখার এটি একটি ভাল সুযোগ হবে,’’ রুবিও যোগ করেন।

রুবিওর চার দিনের ভারতসফর মঙ্গলবার দিল্লিতে কোয়াড বৈঠকের মাধ্যমে শেষ হবে। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আগামী ২৬ মে, ২০২৬ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড বৈঠকে যোগ দিতে ভারত সফরে থাকবেন। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের আমন্ত্রণে হতে চলা এই বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠক কোয়াড দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে, বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে এবং আঞ্চলিক ও বিশ্ব-বিষয় নিয়ে আলোচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
