Last Updated:
Twisha Sharma Death Case: ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট৷ ঘটনার তদন্তভার দেওয়া হল সিবিআইকে৷ শীর্ষ আদালত জানাল ঘটনার তদন্ত ‘নিরপেক্ষ’ হতে হবে৷
নয়াদিল্লি: ত্বিশা শর্মার মৃত্যুর স্বতঃপ্রণোদিত মামলা করা হল সুপ্রিম কোর্টে৷ এই ঘটনার তদন্ত করবে সিবিআই, সোমবার কেন্দ্রের তরফে সর্বোচ্চ আদালতে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ ঘটনায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনার তদন্ত অবশ্যই “নিরপেক্ষ, স্বাধীন এবং পক্ষপাতহীন” হতে হবে।
সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের তরফে স্বতঃপ্রণোদিত মামলা চলাকালীন উল্লেখ করা হয়, যেহেতু মৃতার স্বামী একজন পেশাদার আইনজীবী হিসেবে কর্মরত এবং শাশুড়ি একজন অবসরপ্রাপ্ত বিচারক৷ তাই নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। বিচারব্যবস্থার হস্তক্ষেপের ফলে তদন্ত প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেটা যাতে না হয়, তা নিশ্চিত করতেই আমরা স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছি। সলিসিটর জেনারেলকে বলব, যাতে সিবিআই দ্রুত তদন্ত শুরু করতে পারে সেটা দেখুন।
মডেল-অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট৷ এই ঘটনার তদন্ত অবশ্যই “নিরপেক্ষ, স্বাধীন এবং পক্ষপাতহীন” হতে হবে, স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত৷ একই সঙ্গে আদালত জানায়, খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্তভার গ্রহণ করবে সিবিআই৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে।
আদালত জানায়, এই মর্মান্তিক ঘটনার তদন্ত কোনও পূর্বধারণা ছাড়াই হওয়া প্রয়োজন। পাশাপাশি মৃতার পরিবার, অভিযুক্ত পক্ষ এবং সম্ভাব্য সাক্ষীদের তদন্তকারী সংস্থার কাছেই নিজেদের বক্তব্য জানানোর পরামর্শ দেওয়া হয়, জনসমক্ষে মন্তব্য না করার আহ্বানও জানায় আদালত।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, মামলাটিকে কেন্দ্র করে জনমানসে যে মতামত তৈরি হয়েছে, তা নিয়ে আদালত উদ্বিগ্ন৷ বিশেষ করে এমন অভিযোগ উঠছিল যে মৃতার শাশুড়ি গিরিবালা সিং একজন প্রাক্তন জেলা বিচারক এবং তাঁর স্বামী একজন আইনজীবী হওয়ায় স্থানীয় প্রশাসন বা বিচারব্যবস্থা নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছে৷ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যে ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। সেই কারণেই সিবিআই তদন্তভার নেবে। আমরা রাজ্য পুলিশ এবং বিচারব্যবস্থার উপর আস্থা রাখি।” বেঞ্চ আরও জানায়, “যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেখানে নিশ্চিত করতে হবে যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত হয়।”
Kolkata,West Bengal
May 25, 2026 12:25 PM IST
