Last Updated:
Father Kills Son: উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি এলাকায় মদ্যপ অবস্থায় সামান্য বচসাকে কেন্দ্র করে ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। খুনের পর মৃতদেহ বাড়ির ভিতরে লুকিয়ে রাখারও চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের অভিযুক্তকে গ্রেফতার করেছে।
উত্তরপ্রদেশ: ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে! নিজের ছেলেকে খুনের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে! এখানেই শেষ নয়, ছেলের মৃতদেহ লুকিয়েও রাখে অভিযুক্ত। ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি জেলায়। অভিযোগ, মদ্যপ অবস্থায় বচসার জেরে ৩০ বছর বয়সি যুবককে খুন করে বাবা।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ভবানীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুনিশ এবং তাঁর বাবা দয়া রাম— দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। একটি সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। ক্রমেই বাকবিতণ্ডা বাড়তে থাকে। অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে মুনিশ তার বাবার উপর হামলা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে দয়ারাম একটি ধারাল অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করে। ঘটনাস্থলেই মুনিশের মৃত্যু হয়।
পুলিশের দাবি, ছেলেকে খুনের পর গোটা ঘটনাটি গোপন করতে ছেলের মৃতদেহ বাড়ির ভিতরেই লুকিয়ে রাখে বাবা। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়েছিল। তাঁরা মুনিশের খোঁজ শুরু করে। কোথাও মেলেনা তাঁর খোঁজ। সন্দেহ আরও জোরাল হয়। শেষমেশ তারা আঁচ করতে পারে, খুন হয়েছে মুনিশ। রবিবার সন্ধ্যায় দয়ারামের বোন ভিরা থানায় খবর দেন। গোলা সার্কেলের পুলিশ আধিকারিক রমেশ তিওয়ারি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তিনি আরও জানান, এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাবা-ছেলের মধ্যে সামান্য বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। ঘটনার সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল।
গতবছর, একইরকম ঘটনার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গের বনগাঁ। পারিবারিক অশান্তি ও নেশার জেরে ৩০ বছরের ছেলে আশিস বিশ্বাসকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকায়। মৃত বছর ৩০-এর আশিস বিশ্বাস। রাতে আশিসের মা বাড়ি ফিরে দেখেন, ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে রয়েছেন। তিনি চিৎকার-চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকেন। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল বনগাঁ মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন ওই যুবক। মৃতের মায়ের অভিযোগ, ছেলেকে খুন করেছেন তাঁর স্বামী। সন্ধ্যায় বাবা-ছেলের মধ্যে অশান্তি হয়েছিল। তখন ছেলের মাথায় ইট দিয়ে আঘাত করেন অমল বিশ্বাস। ছেলেকে ওই ভাবে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।
Kolkata,West Bengal
