Last Updated:
Success Story: বিদেশে গবেষণার সুযোগ পেয়েছেন তুফানগঞ্জের ছেলে ধৃতিমান দত্ত। সেখানকার একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে গবেষণা করবে সে।
তুফানগঞ্জ, কোচবিহারঃ মেধার জোরে কোচবিহারের নাম উজ্জ্বল করল জেলার ছেলে। স্কলারশিপে আমেরিকায় গবেষণার সুযোগ পেয়েছেন তুফানগঞ্জের ধৃতিমান দত্ত। সেখানকার ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিলে গবেষণার কাজ করবেন তিনি। বিষয়, ইনঅর্গানিক কেমিস্ট্রি।
কোচবিহারের তুফানগঞ্জের ১০ নং ওয়ার্ডের অন্তর্গত তুঁতফার্ম অঞ্চলের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা ধৃতিমান। তুফানগঞ্জ রামকৃষ্ণ শিশু বিদ্যামন্দির থেকে ছাত্রজীবন শুরু। এরপর ২০২১ সালে এনএনএম হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
স্কুল জীবন শেষ করার পর স্নাতক এবং আইআইটি বম্বে থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর পাশ করেন ধৃতিমান। এবার মেধার জোরে বিদেশে গবেষণার সুযোগ করে নিল সে।
জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে আবেদন করেছিলেন ধৃতিমান। এরপর চলতি বছরের জানুয়ারিতে ইন্টারভিউ দেন। সেখান থেকে আমেরিকার তিনটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তুফানগঞ্জের এই যুবক। এর মধ্যে থেকে নিজের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেন তিনি।
ধৃতিমান বলেন, “এত বড় প্রতিষ্ঠান থেকে গবেষণার ডাক পাওয়ায় সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। এই স্বপ্নপুরণের জন্য আমার বাবা এবং আইআইটি বম্বের অধ্যাপক অর্ণব দত্ত আমায় অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই সঙ্গেই প্রিয় শিক্ষকেরাও আমায় লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। দেশে ফিরে এসে নতুন পড়ুয়াদের গবেষণার ক্ষেত্রে শিক্ষাদান করতে চাই”।
ধৃতিমানের পিতা সুপ্রিয় দত্ত পেশায় একজন শিক্ষক। অন্যদিকে মা সুজাতা দত্ত গৃহবধূ। ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি তাঁরা। সুপ্রিয়বাবু বলেন, এবারেই শুধু নয়, সিএসআইআর নেট এবং ২০২৪ জ্যামেও ও দারুণ সাফল্য অর্জন করেছে। ভারতীয় বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ও অংশীদার হবে বলে আমরা আশা করছি।
অগাস্টের দ্বিতীয় সপ্তাহে বিদেশের উদ্দেশে রওনা দেবেন ধৃতিমান। গবেষণার জন্য আগামী ৫ বছর তাঁকে সেখানেই থাকতে হবে। তাঁর এই সাফল্যে পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও অত্যন্ত খুশি।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
