Last Updated:
Amit Shah: জনবিন্যাস বদল চ্যালেঞ্জ মোকাবিলায় এবার উচ্চপর্যায়ের কমিটি গড়তে চলেছে কেন্দ্র৷ ২০২৫ সালের ১৫ আগস্ট যে কমিটি গঠন করার কথা ঘোষণা করেছিলেন এবার সেই কমিটি গঠন করতে চলেছে কেন্দ্র সরকার, ঘোষণা করলেন অমিত শাহ৷
নয়াদিল্লি: অনুপ্রবেশের কারণে বারবার দেশের জনবিন্যাস বদলের অভিযোগ করেছে কেন্দ্র। এবার কেন্দ্রের পক্ষ থেকে গঠন করা হল “ডেমোগ্রাফি পরিবর্তন’’ সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি”৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী ২০২৫ সালের ১৫ আগস্ট যে কমিটি গঠন করার কথা ঘোষণা করেছিলেন, সরকার এখন সেই কমিটি গঠন করেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানালেন খোদ অমিত শাহ৷
জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নোয়েলকরের সভাপতিত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং ড. শমিকা রবি। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স-I বিভাগের যুগ্ম সচিব এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই কমিটি অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণের ফলে হওয়া জনবিন্যাস বদলের বিস্তৃত মূল্যায়ন করবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ভিত্তিক অস্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের ধরণ বিশ্লেষণ করবে এবং এ বিষয়ে একটি সুপরিকল্পিত ও সময়ানুবর্তিত সমাধান কেন্দ্রকে জানাবে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‘অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট অস্বাভাবিক জনভিত্তিক পরিবর্তন (Unnatural Demographic Change) যে কোনও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে ১৫ আগস্ট ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ‘হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জ’-এর ঘোষণা করেছিলেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটির গঠন সম্পন্ন করেছে।’’
কমিটি সম্পর্কে বিস্তারিত ঘোষণা করে তিনি লেখেন, ‘‘অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের সভাপতিত্বে গঠিত এই কমিটিতে জনগণনা কমিশনারের পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন শ্রী দুর্গা শঙ্কর মিশ্র (অবসরপ্রাপ্ত IAS), শ্রী বালাজি শ্রীবাস্তব (অবসরপ্রাপ্ত IPS) এবং ড. শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ সচিব (Foreigners-I) এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনবিন্যাস শুধু আমাদের সার্বভৌমত্বের জন্যই নয়, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামোর পরিবর্তন এবং জনজাতি সমাজের সুরক্ষার সঙ্গেও গভীরভাবে জড়িত একটি গুরুতর বিষয়। এই কমিটি অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অস্বাভাবিক কারণের ফলে সমগ্র ভারতে ঘটে চলা জনমিতিক পরিবর্তনের ব্যাপক মূল্যায়ন করবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ভিত্তিক অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তনের ধরণ বিশ্লেষণ করে এর সুপরিকল্পিত ও সময়বদ্ধ সমাধানের প্রস্তাবও দেবে।’’
Kolkata,West Bengal
