Last Updated:
বেঙ্গালুরুতে IndiGo-র একটি বিমানে ধোঁয়া দেখা যায়। মঙ্গলবার উড়ানের আগেই সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়। তবে এই ঘটনায় কেউ আহত বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী IndiGo-র একটি বিমানে ধোঁয়া দেখা দেওয়ায় মঙ্গলবার উড়ানের আগেই সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বিমান সংস্থা।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমানটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় কেবিনের ভিতরে ধোঁয়া দেখা যায়। এরপর নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে যাত্রী ও ক্রু সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
IndiGo-র এক মুখপাত্র জানিয়েছেন, “২৬ মে ২০২৬-এ বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট 6E-6017 উড়ানের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় বিমানের ভিতরে ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে সকলকে সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
সমস্ত যাত্রী ও বিমানকর্মী নিরাপদে রয়েছেন। তাঁদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আমাদের টিম তাঁদের দেখভাল করছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে, যা শীঘ্রই রওনা দেবে। অপেক্ষার সময় যাত্রীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থাও করা হয়েছে।”
দ্রুত যাত্রীদের নামানোর জন্য বিমানের এমার্জেন্সি স্লাইড ব্যবহার করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের ইঞ্জিনও। ইন্ডিগো আরও জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমান ব্যবস্থা করা হয়েছে এবং অপেক্ষার সময় তাঁদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থাও করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর সূত্রও। সূত্রের খবর, বেঙ্গালুরু-চেন্নাই ইন্ডিগো ফ্লাইট 6E-6017 পুশব্যাকের সময় কেবিনে ধোঁয়া দেখা যায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 27, 2026 12:30 AM IST
