Last Updated:
CM change in Karnataka: কর্ণাটকে নেতৃত্ব বদলের জল্পনা তুঙ্গে, সূত্রের খবর আগামী ২৮ মে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন সিদ্ধারামাইয়া। তাঁর জায়গায় ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।
কর্ণাটক: কর্ণাটকের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আগামী ২৮ মে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর জায়গায় কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কর্ণাটক ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা, সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমার। প্রকাশ্যে কংগ্রেস দাবি করেছে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রাজ্যসভা নির্বাচন নিয়ে আলোচনা। তবে সূত্রের দাবি, কর্ণাটকের নেতৃত্ব পরিবর্তন নিয়েও বিস্তর আলোচনা হয়েছে।
তবে সূত্রের দাবি, সিদ্ধারামাইয়া দিল্লির জাতীয় রাজনীতিতে যেতে খুব একটা আগ্রহী নন। যদিও তিনি বিষয়টি নিয়ে পরিণত ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন এবং রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে, সিদ্ধারামাইয়ার ছেলে কর্ণাটকের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। কংগ্রেস নেতৃত্ব আপাতত রাজ্যসভা নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে বলেই সূত্রের খবর।
Kolkata,West Bengal
May 26, 2026 11:07 PM IST
