Last Updated:
ED Raid: কেরল হাইকোর্ট সিএমআরএল মামলায় ইডির তদন্ত খারিজ করতে অস্বীকার করার একদিন পরেই এই অভিযান চালানো হল। বিচারপতি টিআর রবি সিএমআরএল এবং সংস্থার চার শীর্ষ আধিকারিকের দায়ের করা একগুচ্ছ আবেদন খারিজ করে দেন। ওই আবেদনে ইডির নথিভুক্ত এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট((ECIR)-কে চ্যালেঞ্জ করা হয়েছিল।
তিরুঅনন্তপুরম: কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার সূত্রে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা৷ সিপিআই(এম) কর্মীদের বিক্ষোভ চলাকালীনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের গাড়িতে চলল হামলা৷ ছোড়া হল থান ইট৷ ভাঙল গাড়ির কাচ৷ তিরুবনন্তপুরমে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাড়া করা বাসভবন থেকে ইডি দল বেরিয়ে আসার পরেই সিপিআই(এম) কর্মীরা তাঁদের গাড়ির ওপর ইট-পাথর ছুঁড়ে মারে বলে অভিযোগ। প্রসঙ্গত, বুধবার সিএমআরএল মামলার সূত্রে পিনারাই বিজয়নের বাড়ি সহ কেরল জুড়ে ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি৷
বিক্ষোভস্থলের ভিডিয়োয় দেখা গিয়েছে, সিপিএম কর্মীরা বিজয়নের বাসভবনের বাইরে জড়ো হয়ে প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷ শুরু হয় তুমুল হট্টগোল। ভিড় নিয়ন্ত্রণ করতে এবং পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়।
সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কমপক্ষে একজন পুলিশের আহত হওয়ার খবরও পাওয়ার গিয়েছে।
বিজয়নের বাড়িতে ইডির অভিযান
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ কেরল জুড়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়৷ যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের সদ্য ভাড়া করা বাসভবনও ছিল।
পিনারাইয়ের মেয়ে বীণা থাইক্কান্দিয়িলের প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের আর্থিক লেনদেন-সংক্রান্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার সূত্রে এই অভিযানগুলো চালানো হয় বলে জানা গিয়েছে।
তিরুবনন্তপুরমে বিজয়ন বর্তমানে যে ভাড়া করা বাসভবনে রয়েছেন সেখানেই এই তল্লাশি অভিযান চলে বলে জানা গিয়েছে। তাঁর মেয়ে বীণা থাইক্কান্দিয়ালও বর্তমানে সেখানে বসবাস করছেন বলে জানা গেছে। এই তল্লাশি বীণার মালিকানাধীন আইটি ফার্ম এক্সালজিক সলিউশনসকে ঘিরে তদন্তের সঙ্গে সম্পর্কিত।
কেরল হাইকোর্ট সিএমআরএল-এর বিরুদ্ধে ইডি-র তদন্ত বাতিল করার প্রক্রিয়া সংক্রান্ত আবেদন খারিজ করার ঠিক একদিন পরেই এই অভিযান চালানো হল।
