Last Updated:
CM Suvendu Adhikari: বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ রাজধানীতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় তাঁর৷ শুক্রবার সকালে প্রথম সাক্ষাৎ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে।
নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজধানীতে প্রথম সফর শুভেন্দু অধিকারীর। দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার ১০টা নাগাদ রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। দেখা করার কথা উপরাষ্ট্রপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীনের সঙ্গেও। দুপুরে সাংবাদিক সম্মেলন করার কথা মুখ্যমন্ত্রীর। চারটের পর দেখা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।
গতকাল রাতে দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ তার পর আজ সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর৷ গত বুধবারই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকারও৷ রাজ্যে পরিবর্তনের পর সেই কাজই তরান্বিত হবে বলে মত রাজনৈতিক মহলের৷ ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷
এ ছাডা়ও আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণেরও বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে রাজ্যে পরিবর্তনের পর বাংলার জন্য কেন্দ্রের আরও আর্থিক বরাদ্দের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তৃণমূল সরকারের আমলে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে যে বাধা এবং খরচের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে, নতুন সরকারের আমলে সেই অভিযোগও দূর হবে বলেই এতদিন দাবি করে এসেছে বিজেপি নেতৃত্ব৷ ফলে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রী সাক্ষাতে বাংলার লক্ষ্মীলাভের সম্ভানাও থাকছে৷
মৈত্রেয়ী ভট্টাচার্য
Kolkata,West Bengal
May 22, 2026 10:25 AM IST
