Last Updated:
Kalbaishakhi Safety Tips: তীব্র ঝড়, ঘনঘন বজ্রপাত বা শিলাবৃষ্টির মতো কঠিন পরিস্থিতি হঠাৎ করেই সামনে আসছে। ফলে সেই দুর্যোগের মুখে নিজেকে কীভাবে রক্ষা করবেন, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। তার জন্য বিশেষ কিছু টিপস দিলেন ভূগোলের শিক্ষক।
আসানসোল, পশ্চিম বর্ধমান: হাঁসফাঁস করা এই গরমে কালবৈশাখী এনে দিচ্ছে সাময়িক স্বস্তি। কিন্তু আকাশ কালো করে মেঘ এলে থাকছে বিপদের আশঙ্কাও। রাস্তাঘাটে বেরিয়ে কালবৈশাখীর সামনাসামনি হতে হচ্ছে বহু মানুষকে। তীব্র ঝড়, ঘনঘন বজ্রপাত বা শিলাবৃষ্টির মতো কঠিন পরিস্থিতি হঠাৎ করেই সামনে আসছে। ফলে সেই দুর্যোগের মুখে নিজেকে কীভাবে রক্ষা করবেন, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। তার জন্য বিশেষ কিছু টিপস দিলেন ভূগোলের শিক্ষক পরিমল বিশ্বাস।
এই শিক্ষকের মতে, কালবৈশাখীর সময় সবচেয়ে বড় বিপদ হল বজ্রপাত। তাঁর কথায়, সেইসময় যদি আপনি রাস্তায় থাকেন, তবে সবার আগে ‘৩০-৩০ নিয়ম’ মাথায় রাখুন। বজ্রপাত দেখার পর থেকে মেঘের গর্জন শোনার মাঝের সময়টা যদি ৩০ সেকেন্ড বা তার কম হয়, তবে বুঝবেন বিপদ অত্যন্ত কাছে। সেক্ষেত্রে খোলা মাঠ, ফাঁকা রাস্তা বা কোনও বড় গাছের নিচে ভুলেও দাঁড়াবেন না। কারণ উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটি বজ্র বিদ্যুৎকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।
তাই তৎক্ষণাৎ কোনও পাকা বাড়ি, দোকান বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যদি আশেপাশে কোনও পাকা আশ্রয় না থাকে, সেক্ষেত্রে কখনও মাটির ওপর সোজা হয়ে দাঁড়িয়ে বা শুয়ে থাকা চলবে না। তখন হাঁটু মুড়ে মাটিতে বসে এবং মাথাটি দুই হাঁটুর মাঝখানে গুঁজে কান দুটি হাত দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একে বলা হয় ‘লাইটেনিং সেফটি পজিশন’।
অন্যদিকে, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের হাত থেকে বাঁচতে মোটরসাইকেল বা সাইকেল আরোহীদের গতি কমিয়ে দ্রুত নিরাপদ জায়গায় গাড়ি পার্ক করার পরামর্শ দিচ্ছেন তিনি। ঝড়ের সময় ফ্লাইওভারের নিচে বা বড় হোর্ডিংয়ের আশেপাশে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। কারণ ঝোড়ো হাওয়ায় সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এই সাধারণ ভৌগোলিক ও বৈজ্ঞানিক সতর্কতাগুলি মেনে চললে কালবৈশাখীর আকস্মিক বিপর্যয় থেকেও অনায়াসে জীবন রক্ষা করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
Asansol,Barddhaman,West Bengal
May 19, 2026 11:47 AM IST
Kalbaishakhi Safety Tips: মাঝরাস্তায় আচমকা কালবৈশাখী? বজ্রপাত ও ঝড়ের হাত থেকে বাঁচতে শিখে রাখুন এইসব টেকনিক! মোক্ষম টিপস দিলেন শিক্ষক
