Last Updated:
West Bardhaman News: সাধারণ মানুষের ব্যবহারের জন্য দুটি কমিউনিটি শৌচালয় তৈরি হয়েছিল গোপালমাঠ এলাকায়। পুরনিগমের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই শৌচালয়গুলির দরজা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। অবশেষে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা তালা ভেঙে সেই শৌচালয়গুলি পরিষ্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দিলেন। এছাড়াও এলাকায় বন্ধ থাকা একটি শিশু পার্কের দরজায় খুলে দেওয়া হয়েছে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন ধরে জবরদখল হয়ে থাকা শৌচালয় উদ্ধার। পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেই শৌচাগার সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালমাঠ বাসস্ট্যান্ড এবং গোপালমাঠ বাজার এলাকায় ছিল এই দুটি শৌচালয়।
দুর্গাপুর নগর নিগমের তৈরি দুটি কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল হয়ে ছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য সরকারি খরচে এগুলি তৈরি করা হলেও, সবসময়ই তালাবন্দি অবস্থায় পড়ে থাকত। বাসিন্দাদের একাংশের দাবি, এলাকার কিছু বিশেষ প্রভাবশালী মানুষ নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে শৌচালয়গুলি ব্যবহার করতেন এবং সাধারণের জন্য তা বন্ধ রাখা হত।
শৌচালয় দুটিকে পুরোপুরি ব্যবহারের যোগ্য করে তোলা হয়। তারপর সেগুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ শুধু শৌচালয় নিয়েই নয়। তাঁদের দাবি, শৌচালয়ের পাশে থাকা একটি শিশু উদ্যানও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল। এদিন সেই পার্কটির তালাও খুলে দেওয়া হয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: তালা ভেঙে শৌচালয় উদ্ধার বিজেপি কর্মীদের, গোপালমাঠে দখলমুক্ত হল পুরনিগমের সম্পত্তি! খুলে গেল পার্কের তালাও
