Last Updated:
Murshidabad Adulterated Vegetables: করলার দাম তলানিতে ঠেকলেও কারসাজি থামছে না। মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের গড্ডা গ্রামে করলায় কৃত্রিম সবুজ রং মেশানোর চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলাতে কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত বড়ঞা ব্লক। আর এই ব্লকে ধান চাষের পাশাপাশি অন্য সময় করলা চাষ করা হয়। কিন্তু এবছর করলা চাষ করে মাত্র তিন টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে করলাকে। তবে আপনি করলা খেতে ভালবাসলেও একবার সাবধান। করলা মিশানো হচ্ছে সবুজ রং।
জানা গিয়েছে, জমি থেকে তুলে আনা করলায় মেশান হচ্ছে সবুজ রং। এরপর তা বাজারে বিক্রির জন্য পাঠান হচ্ছে। ইতিমধ্যেই এই ছবি ধরা পড়েছে ভরতপুর এক ব্লকের গড্ডা গ্রামে। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। রং মেশানো বন্ধ করতে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দিয়েছে স্বাস্থ্য দফতর। তবে চাষিদের দাবি এই সামান্য রংয়ে কোনও ক্ষতি হয় না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকায় ব্যাপকভাবে করলা চাষ হয়। হাজারেরও বেশি বিঘা জমিতে চাষিরা করলা চাষ করেছেন এবার। সেই করলা এখন বাজারজাত করা হচ্ছে। চাষিরা জানান, প্রতিদিন এলাকা থেকে পিকআপ ভ্যান ও ট্রাকে করে করলা বিভিন্ন বাজারে পাঠানো হয়।
করলা চাষি নাজিম শেখ বলেন, উৎপাদিত করলা চলে যায় বহরমপুর, আসানসোল, দেওঘর থেকে শেওড়াফুলি ও কলকাতার বিভিন্ন বাজারে। তবে করলার দর পাওয়া যাচ্ছে না। এদিকে, জমি থেকে করলা তুলে আনার পরেই তাতে মেশানো হচ্ছে সবুজ রং। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা করলায় রং মেশানোর ব্যাপারটি নিয়ে দাবি করছিলেন। তবে এদিন তা বাস্তবেই দেখা গেল। গ্রামের এক জায়গায় প্রথমে বস্তা ভর্তি করলা জড়ো করা হয়। এরপর ওই করলা বস্তা থেকে বের করে একটি জল ভর্তি ড্রামে ঢালা হচ্ছে। ওই ড্রামে আগেই সবুজ রং মেশান ছিল। পরে ড্রাম থেকে করলা উঠিয়ে ফের শুকানো হচ্ছে। এরপর তা ফঁড়েদের বিক্রি করা হচ্ছে। যার ফলে করলাগুলি উজ্জ্বল সবুজ দেখতে লাগছে।
চাষি নিজামউদ্দিন শেখ বলেন, করলায় রং না মেশালে সবুজ ফুটে ওঠে না। সেই কারণেই রং মেশানো হচ্ছে। তবে এতে মানুষের শরীরে কোনও ক্ষতি হবে না। কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস বলেন, করলায় রং মেশানোর ব্যাপারটি স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকর। এর থেকে ভয়ানক রোগও হতে পারে। সোমবার ওই এলাকায় সচেতনতামূলক শিবির করে চাষিদের করলায় রং দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হবে।
Murshidabad,Murshidabad,West Bengal