Last Updated:
AITC News Update: এর আগে নদিয়ার কালীগঞ্জে দলীয় কর্মসূচিতে গেলেও কালো পতাকা দেখানোর ঘটনা ঘটে৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত মহুয়া মৈত্র সোশ্য়াল মিডিয়ায় লাইভ করে দাবি করেছিলেন, বিজেপির সমর্থকেরা তাঁদের উদ্দেশ্য করে ডিম ছুঁড়ছে এবং কালো পতাকা দেখাচ্ছে৷
দুর্গাপুর, অর্পণ চক্রবর্তী: দুর্গাপুরে ফের রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সোমবার দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান দোলা সেন। বৈঠক শেষে তিনি দুর্গাপুর হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
এরপর উপস্থিত বিজেপি কর্মসমর্থকেরা তৃণমূলের রাজ্যসভার সাংসদকে উদ্দেশ্য করে কালো পতাকা প্রদর্শন করেন৷ ‘চোর চোর’ স্লোগানও দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য দুর্গাপুর হাউসের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ।
তৃণমূল সাংসদকে কালো পতাকা দেখানোর দলে উপস্থিত ছিলেনয বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি দাবি করেন, ‘‘তৃণমূল শ্রমিক সংগঠনের চোর নেতারা বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই কারণেই আমরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছি। দোলা সেন খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।’’
চলতি মাসেই নদিয়ার কালীগঞ্জে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে মিটিংয়ে যোগ দিতে আসার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়। সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে। ওই দিন সেখানে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ছিল৷ উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেনও৷ সেই সময়ে এই ঘটনা ঘটে৷
