Last Updated:
পৃথক চারটি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পূর্ব বর্ধমান: পৃথক পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু, গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে বর্ধমান-কালনা রোডের কল্যাণপুর মোড়ে। একটি মোটরসাইকেলের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শ্যামল দাস (৩২)-এর। তাঁর বাড়ি কালনা রোডের কপিবাগান এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌরভ পণ্ডিত। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি হাটগোবিন্দপুর এলাকায়। অন্যদিকে, রায়না থানার খালেরপুল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। মৃতের নাম উজির আলী খাঁ। তাঁর বাড়ি রায়না থানার উদয়কৃষ্ণপুর এলাকায়।
এদিকে, ১১৪ নম্বর জাতীয় সড়কের করঞ্চি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে আরেকটি ডাম্পার ধাক্কা মারলে গুরুতর আহত হন চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক খালাসি শেখ নাসিরুলকে মৃত ঘোষণা করেন। আহত চালকের চিকিৎসা চলছে। আরও একটি দুর্ঘটনা ঘটে ভাতার থানার বড়া চৌমাথা এলাকায়। যাত্রী নামিয়ে ফেরার সময় একটি টোটোকে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। গুরুতর আহত হন টোটোচালক মোরশেলেম শেখ (৬১)। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার, নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। মঙ্গলবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রিজের উপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপেলবোঝাই একটি লরিতে করে হিমাচল প্রদেশ থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। স্থানীয়দের দাবি, ভোরবেলা তাঁরা রাস্তার ধারে একটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে থাকতে দেখেন। কেবিনের ভিতরে এক পুরুষ ও এক মহিলা আটকে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর লরির কেবিন কেটে দু’জনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
