Last Updated:
Brain Booster: মস্তিষ্কের দুর্বলতা ও বয়সজনিত স্মৃতিভ্রংশ দূর করতে নতুন পথ দেখালেন বাংলার গবেষকেরা। ফল ও মশলায় পাওয়া প্রাকৃতিক উপাদান ‘সিরিঞ্জিক অ্যাসিড’-এর প্রভাবে ল্যাবের দুর্বল ইঁদুরের মেধা এক মাসেই তুঙ্গে পৌঁছাল। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণা আলঝেইমার্স চিকিৎসায় নতুন আশা জোগাচ্ছে।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: কম মেধার পড়ুয়াদের নিয়ে চিন্তার দিন হয়ত এবার শেষ হতে চলেছে। মেধা ও স্মৃতিশক্তির বৈষম্য দূর করতে চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী দিশা দেখালেন বাংলার বিজ্ঞানীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুমোদিত ‘মেদিনীপুর সিটি কলেজ’-এর একদল গবেষক দাবি করেছেন, প্রকৃতিতে সহজলভ্য ‘সিরিঞ্জিক অ্যাসিড’ ব্যবহার করে কম মেধার প্রাণীদের শেখার ক্ষমতা বা স্মৃতিশক্তি ম্যাজিকের মতো বাড়িয়ে তোলা সম্ভব। ডিমেনশিয়া বা আলঝেইমার্সের মতো জটিল স্মৃতিভ্রংশ রোগের চিকিৎসায় এই আবিষ্কার আগামী দিনে নতুন দিগন্ত খুলে দিতে পারে।
কলেজের অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে গবেষক আমিনা খাতুন, সুরেন্দ্র পাত্র ও সুশোভন চৌধুরীর এই গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘ফাইটোথেরাপি রিসার্চ’-এর ২০২৬ সালের সংস্করণে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, মস্তিষ্কের নিউরনের নমনীয়তা এবং স্মৃতি সংস্থাপনের মূল প্রোটিন ‘ক্রেব’-এর কার্যকারিতা কমে গেলে প্রাণীদের শেখার ক্ষমতা হ্রাস পায়।
গবেষকরা জানিয়েছেন, এই সিরিঞ্জিক অ্যাসিড কোনও কৃত্রিম রাসায়নিক নয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জলপাই, খেজুর, আঙুর, মধু এবং নানা ধরনের মশলায় পাওয়া যায়। পরীক্ষা করে দেখা গেছে, এর কোনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া বা বিষাক্ততা নেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর আর্থিক সহায়তায় এই বিশ্বমানের গবেষণাটি সম্পন্ন হয়েছে। গবেষণার সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন খোদ অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তী এবং অত্যাধুনিক ল্যাবরেটরি ও পরিকাঠামো দেওয়ায় কলেজের ডিরেক্টর ড. প্রদীপ ঘোষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বিজ্ঞানীরা। মেদিনীপুরের বিজ্ঞানীদের এই সাফল্য বার্ধক্যজনিত স্মৃতিবিলোপ ঠেকাতে এক নতুন আশার আলো।
Paschim Medinipur,West Bengal
