Last Updated:
Digha Rath Yatra 2026: দিঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব ২০২৬-কে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার সুসজ্জিত রথ মহাসমারোহে নির্ধারিত রুটে পরিক্রমা করবে। রথযাত্রার দিন, সময়সূচি, রথের যাত্রাপথ, দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, নিরাপত্তা, যান চলাচল সংক্রান্ত নির্দেশিকা এবং উৎসবের সম্পূর্ণ সূচি এক নজরে জেনে নিন।
দিঘা, সৈকত শী: ভক্তির ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে দিঘায় দ্বিতীয় বর্ষের রথযাত্রা সাড়ম্বরে আয়োজিত হচ্ছে। ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দিঘা। দিঘা রথযাত্রার দিনে হাজার হাজার জগন্নাথ ভক্তের সমাগমে মুখরিত হবে। রথযাত্রায় দিঘা আসা পুণ্যার্থীদের জন্য এবার আরও সুখবর। দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। রথে দিঘা আসা জগন্নাথ ভক্ত ও পর্যটকদের অনেকটাই উপকার হবে। এই পূর্ণাঙ্গ সূচিতে কখন কি অনুষ্ঠান আছে তার সম্পূর্ণ বিবরণ রয়েছে। ফলে পর্যটকদের আলাদা করে আর খোঁজ নেওয়ার প্রয়োজন পড়বে না রথের কখন কি অনুষ্ঠান রয়েছে।
মন্দির কর্তৃপক্ষের সূচিতে জানা যায় রথযাত্রা উৎসবের সূচনা হবে সকাল ১০:৩০ মিনিটে। ওই সময় পাহাণ্ডি-বিজয় অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে বের করে তিনটি রথে আনা হবে। দুপুর ১টা থেকে ২:৩০ মিনিট পর্যন্ত তিনটি রথ সুসজ্জিত করা হবে এবং রথে অধিষ্ঠিত অবস্থায় শ্রীবিগ্রহদের ভোগ নিবেদন করা হবে। এরপর বিকেল বিকেল ৩টে থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই রথযাত্রার শুভ সূচনা হবে। সূচি অনুযায়ী বিকেল ৪:৩০ মিনিটে রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছবে এবং বিকেল ৫:৩০ মিনিটে সেখানে অনুষ্ঠিত হবে পাহাণ্ডি-বিজয়।
এ প্রসঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস বলেন, “রথযাত্রা মানবসভ্যতার অন্যতম প্রাচীন ও সর্বজনীন আধ্যাত্মিক উৎসব। ভগবান শ্রীজগন্নাথ নিজেই তাঁর মন্দির থেকে বেরিয়ে এসে সকল মানুষের প্রতি তাঁর করুণা ও আশীর্বাদ বর্ষণ করেন। জাতি, ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভেদাভেদ ছাড়াই আমরা সকলকে দিঘার এই পবিত্র রথযাত্রায় অংশগ্রহণ করে জগন্নাথদেবের কৃপালাভের আন্তরিক আহ্বান জানাই। দিঘা জগন্নাথ মন্দির বর্তমানে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলকে এই ঐশ্বরিক মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই।”
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইতিমধ্যে দিঘা রথযাত্রা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দেশ বিদেশের ভক্তরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন রথের উৎসবে সামিল হওয়ার জন্য। রথের এবার সূচনা করবেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। রথযাত্রার দিনে দিঘায় বাড়তি ভিড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। সব মিলিয়ে দিঘা জগন্নাথ মন্দিরের দ্বিতীয় বার রথযাত্রার সাধারণ মানুষ ও জগন্নাথ ভক্তদের মধ্যে আলাদা উন্মাদানা তৈরি করেছে। রথযাত্রার দিনে দিঘা যেতে মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। এবার তাদের জন্য এল রথযাত্রা উৎসবের পূর্ণাঙ্গ সূচি।
Purba Medinipur,West Bengal