Last Updated:
ফেসবুক লাইভ করে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক অভিযোগ করেছেন, তাঁর নামে মিথ্যে প্রচার চালানো হচ্ছে৷ আইন আইনের পথে চলবে বলেও জানিয়েছেন দিলীপ মণ্ডল৷
অর্পণ মণ্ডল, বিষ্ণুপুর: বাড়ির বাগানের ভিতরে বিশাল সুইমিং পুল৷ বাড়ির সাজসজ্জা দেখে কোনও রিসর্ট ভেবে ভুল করছেন অনেকেই৷
বৃহস্পতিবার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের হানার পরই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তৃণমূল বিধায়কের এই রাজপ্রাসাদের মতো বাড়ির ছবি৷ যা দেখে অনেকেই বিধায়কের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন৷
শেষ পর্যন্ত শুক্রবার সমাজমাধ্যমে বাড়ি বিতর্কে মুখ খুললেন দিলীপ মণ্ডল৷ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের দাবি, দক্ষিণ ২৪ পরগণার পৈলানের যে বাড়ির ছবি ভাইরাল হয়েছে, সেই বাড়ি তাঁর পৈর্তৃক সম্পত্তির অংশ৷ পারিবারিক ব্যবসার থেকে উপার্জনের সূত্রেই তিনি ওই বাড়ি তৈরি করেছেন বলে দাবি করেছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক৷
দিলীপ মণ্ডলের অভিযোগ, তাঁর নামে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে৷ ব্যাঙ্ক থেকে একাধিকবার ঋণ নিয়ে তিনি অন্য দুটি বাড়ি তৈরি করেছেন বলেও দাবি করেছেন তৃণমল বিধায়ক৷
গত ১১ মে বিজয় মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্য এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে পৈলানে দিলীপ মণ্ডলের দুটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ৷
দিলীপ মণ্ডল এ দিন ফেসবুক লাইভে দাবি করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁর এলাকায় তৃণমূলের একাধিক নেতার উপরে হামলা হয়েছে৷ অতীতে তিনিও রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন৷ সেই ক্ষোভ থেকেই বিজয় মিছিলে কিছু মন্তব্য করে ফেলেন তিনি৷
গত বৃহস্পতিবার দিলীপ মণ্ডলের পৈলানের দুটি বাড়িতেই বেশ কয়েকঘণ্টা তল্লাশি চালায় বিষ্ণুপুর থানার পুলিশ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও৷ সেই তল্লাশির সূত্রেই দিলীপ মণ্ডলের রাজকীয় বাড়ির ছবি প্রকাশ্যে আসে৷ বাড়ির ভিতরে বিরাট সুইমিং পুল ছাডা়ও বাগানে বিভিন্ন ধরনের মূর্তিও বসানো রয়েছে৷ পুলিশি তল্লাশির সময় অবশ্য বাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক৷ বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর ফিরে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
Kolkata,West Bengal
May 16, 2026 12:45 AM IST
