Last Updated:
যুবকের এই মর্মান্তিক পরিণতিতে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা৷ দাম্পত্য কলহের পরিণতি কতটা মারাত্মক হতে পারে, এই ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷
বাড়িতে বচসার সময় মোবাইল দিয়ে মাথায় আঘাত করেছিলেন স্ত্রী৷ আর সেই আঘাতের জেরেই মৃত্যু হল যুবকের৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলায়৷
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম স্বপ্নেশ্বর মিশ্র (৩৩)৷ তিনি বোলাঙ্গির জেলার লক্ষ্মীজোর জেলার চিমনিভাতি পাড়া এলাকার বাসিন্দা ছিলেন৷ গত শনিবার বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় স্বপ্নেশ্বর নামে ওই যুবকের৷ তখনই মোবাইল ফোন দিয়ে সজোরে স্বামীর মাথায় আঘাত করেন স্ত্রী৷ মোবাইলের আঘাতে গুরুতর আহত হন ওই যুবক৷ পরিবারের সদস্যরা তাঁকে বোলাঙ্গির জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
যদিও যুবকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ওই যুবককে ছেড়ে দেন চিকিৎসকরা৷ কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে৷ দ্রুত ওই যুবককে ফের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা৷ কিন্তু এবার চেষ্টা করেও ওই যুবককে বাঁচাতে পারেননি চিকিৎসকরা৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷
পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘স্বপ্নেশ্বর নিজের মোটরসাইকেলটি এক বন্ধুকে ব্যবহার করতে দিয়েছিলেন৷ একথা জানতে পেরেই স্বপ্নেশ্বরের সঙ্গে বচসা শুরু হয় স্ত্রীর৷ সেই বচসাই বড় আকার নেয়৷ রাগের মাথায় স্বপ্নেশ্বরের মাথায় ওর স্ত্রী মোবাইল দিয়ে আঘাত করে৷ সঙ্গে সঙ্গেই স্বপ্নেশ্বর সংজ্ঞাহীন হয়ে পড়ে৷ এর পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷’
কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা জানতে ঘটনাক্রম খতিয়ে দেখছে পুলিশ৷ একই সঙ্গে যুবকের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষাতেও রয়েছেন তদন্তকারীরা৷ মাথায় মোবাইলের আঘাতের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে৷
তদন্তে যা উঠে আসবে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ খতিয়ে দেখে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷
Kolkata,West Bengal
