Last Updated:
Double Gold Medal: জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে বর্ধমানের গৌরীর জোড়া সোনা, গুয়াহাটিতে দুই বিভাগেই প্রথম
বর্ধমান: মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় স্তরে অসাধারণ সাফল্য অর্জন করল পূর্ব বর্ধমানের কৃতী যোগাসন প্রতিযোগী গৌরী মেহেরা। অসমের গুয়াহাটির শিল্পগ্রামে ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে নিজের বিভাগে একের পর এক সাফল্য ছিনিয়ে এনে জেলার নাম উজ্জ্বল করেছে সে। ট্র্যাডিশনাল বিভাগে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ‘চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন’ বিভাগেও প্রথম হয়ে জিতে নিয়েছে দুটি বড় ট্রফি ও সার্টিফিকেট।
গৌরীর বিভাগে ২০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেই কঠিন প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করা সত্যিই বড় অর্জন। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি আগ্রহ ছিল তার। বর্তমানে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে তিনবার যোগাসনের অনুশীলন করে সে। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছে তার পরিবার ও প্রশিক্ষকরা।
গৌরী বর্তমানে ‘বর্ধমান যোগ সাধনা’ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ নেয়। তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তার প্রশিক্ষক চিকু স্যারের। তিনি বলেন, “গৌরী অত্যন্ত পরিশ্রমী ও নিয়মানুবর্তী। প্রতিদিন নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে বলেই আজ জাতীয় মঞ্চে এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষমতা ওর রয়েছে। আমরা সেই লক্ষ্য নিয়েই ওকে প্রস্তুত করছি।”গৌরীর এই নজিরবিহীন সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং বর্ধমান যোগ সাধনা কেন্দ্রের সদস্যদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও এই কৃতী কন্যাকে অভিনন্দন জানিয়েছেন। অল্প বয়সেই জাতীয় স্তরে ডবল সোনা শিরোপা জিতে গৌরী প্রমাণ করে দিয়েছে, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রশিক্ষণ থাকলে যে কোনও স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব। এখন তার লক্ষ্য আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করে পশ্চিমবঙ্গ তথা দেশের নাম উজ্জ্বল করা।
Banowarilal Chowdhury
Kolkata,West Bengal
