Last Updated:
DU Prefessor Death Update: বৃহস্পতিবার দুপুরে পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে নিজের ফ্ল্যাট থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) এক বিশিষ্ট কলেজের অধ্যাপিকাকে মৃত অবস্থায় পাওয়া যায়, চলছে তদন্ত।
নয়াদিল্লি: মায়ের কাছে ওষুধ পাঠিয়েছিলেন মৃত্যুর আগের কয়েক ঘণ্টা আগেই, বৃহস্পতিবার পদোন্নতির জন্য ইন্টারভিউ থাকলেও সেখানে অনুপস্থিত ছিলেন। আর তাতেই সহকর্মীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন বোন। কিন্তু বেশি সময় অপেক্ষা করতে হয়নি, বৃহস্পতিবার বিকালেই পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ আবাসন থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৪৩ বছর বয়সী সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের নিথর দেহ উদ্ধার হয়। বসুন্ধরা এনক্লেভের ওই ফ্ল্যাটে একাই থাকতেন অধ্যাপিকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তাঁর দিদি, দেবরতি পাল (৪৯) বারবার বোন দেবস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাননি। এরপর অবস্থা বেগতিক তিনি নিজেই পৌঁছে যান ‘সত্যম অ্যাপার্টমেন্ট’-এ বোনের ফ্ল্যাটে। কিন্তু সেই সময় ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল। এরপর স্থানীয় বাসিন্দা ও আবাসিক কল্যাণ সমিতিকে (আরডব্লিউএ) খবর দেওয়া হয়, তাঁদের উপস্থিতিতেই তালা ভেঙে দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন দেবস্মিতা। এরপর দেবারতি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। দুপুর প্রায় ২ঃ৩৫ মিনিট নাগাদ নিউ অশোক নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) রাজীব কুমার জানিয়েছেন, “ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনও তাৎক্ষণিক চিহ্ন ছিল না, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হত্যাকারী তাঁর পরিচিত হতে পারে। দরজার লক বা জানলাও ভাঙা ছিল না। ফলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, আততায়ী অধ্যাপিকার পরিচিত কেউ হতে পারে, যার জন্য দেবস্মিতা নিজেই দরজা খুলে দিয়েছিলেন।” রিপোর্ট অনুযায়ী, মৃতা গত চার-পাঁচ বছর ধরে একাই থাকতেন এবং মূলত অনলাইন ডেলিভারির ওপর নির্ভরশীল ছিলেন। ঘটনাস্থলে হোমিসাইড এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়। ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। তদন্তকারীরা অ্যাপার্টমেন্ট এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
New Delhi,Delhi
