Last Updated:
দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নির্বাচনের তথ্য জমা দিতে আরও ১৫ দিনের সময় চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ঋতব্রত-পন্থী তৃণমূল। কমিশন এখনও সিদ্ধান্ত জানায়নি, তবে আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে বলে সূত্রের খবর।
নয়াদিল্লিঃ নিজেদের দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নির্বাচনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য আরও ১৫ দিনের সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। তবে কমিশন এখনও সেই আবেদনে কোনও সাড়া দেয়নি।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ (১৩ জুলাই) বিকেলের মধ্যে ঋতব্রত-পন্থী শিবিরের আবেদনের বিষয়ে কমিশন নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল এবং মমতা-পন্থী তৃণমূল—উভয় পক্ষকেই গত ৬ জুলাইয়ের মধ্যে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নির্বাচনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
নিজেদের দাবির পক্ষে মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস জানিয়েছে, দল গঠনের পর প্রথমে তিন বছর এবং পরে চার বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হওয়ার নিয়ম ছিল। তবে ২০০৬ সালে দলের সংবিধান সংশোধন করে পাঁচ বছর অন্তর সাংগঠনিক নির্বাচন করার বিধান আনা হয়। সেই নিয়ম মেনেই ২০২২ সালে শেষ সাংগঠনিক নির্বাচন হয়েছে এবং বর্তমান কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৈধ। তাদের দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী শিবির যে তিন বছরের মেয়াদের কথা বলছে, তা দলের সংবিধান ও আইনগত বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
Kolkata,West Bengal
