Last Updated:
Gangster Goldy Brar: ভারতীয় গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে FBI-এর ‘১০ মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় রাখা হয়েছে। তাকে ধরতে সাহায্য করতে পারে, এমন তথ্য দিলে সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে মার্কিন তদন্তকারী সংস্থা।
ওয়াশিংটন: FBI-এর ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ ফেরার অপরাধীর তালিকায় ভারতীয় গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের নাম! গোল্ডি ব্রারকে গ্রেফতার করতে সাহায্য করবে, এমন তথ্য দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে FBI।
পলাতক ভারতীয় গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে ‘১০ মোস্ট ওয়ান্টেড’ পলাতক অপরাধীর তালিকায় রাখল FBI। সোমবার FBI জানিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমেরিকায় গোল্ডি ব্রারকে খোঁজা হচ্ছে। কর্তৃপক্ষের অভিযোগ, এই চক্র আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশে খুন, গোলাগুলি, অপহরণ, তোলাবাজি এবং মাদক ও অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িত।
FBI-এর দাবি, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার উত্তর আমেরিকায় বিষ্ণোই গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং মাদক পাচারের ষড়যন্ত্র-সহ একাধিক ফেডারেল মামলা রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের আরও অভিযোগ, ২০২৩ সালে কানাডায় এক বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিকে খুনের নির্দেশ দিয়েছিল গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই। FBI জানিয়েছে, এই তদন্তের আওতায় ভারতীয় আন্তঃদেশীয় অপরাধচক্রগুলিকেও নজরে রাখা হয়েছে। এই চক্রগুলির বিরুদ্ধে হিংসাত্মক অপরাধ, তোলাবাজি এবং মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
FBI-এর দাবি, গোল্ডি ব্রার ক্যালিফোর্নিয়া এবং কানাডার কোনও অংশে থাকতে পারে। FBI-এর লস অ্যাঞ্জেলেস শাখার আধিকারিক প্যাট্রিক গ্র্যান্ডি জানিয়েছেন, FBI গোল্ডি ব্রারকে গ্রেফতার করতে মরিয়া। গোল্ডির হালহকিকত নিয়ে কেউ কোনও তথ্য দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কার দেওয়া হবে। FBI জানিয়েছে, ১৯৫০ সালে চালু হওয়া ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় সতিন্দরজিৎ সিং ৫৪৩ তম । ‘অপারেশন হার্ডবল’-এর পরই এই ঘোষণা করা হল। এই মার্কিন তদন্তের জেরে ভারতে সক্রিয় তিনটি সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
