Last Updated:
Kerala Double Murder: জোড়া খুনের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ কেরালায় মা এবং ছেলেকে, দু’জনকে খুনের অভিযোগ চেন্থামারা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ এবার আদালতেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত৷
পালাক্কাড়: কেরলের পালাক্কাড়ের একটি জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত চেন্থামারা। নেনমারা এলাকায় ৫৫ বছরের সুধাকরণ এবং তাঁর ৭৫ বছর বয়সি মা লক্ষ্মীকে খুনের ঘটনায় পালাক্কাড় সেশনস কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছে। বুধবার তাঁর সাজা ঘোষণা করা হবে।
শুনানির সময় চেন্থামারা, যার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অভিযোগ রয়েছে, আদালতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “কেউ আমাকে চড় মারলে আমি অন্য গাল বাড়িয়ে দেব, আমি মহাত্মা গান্ধী নই। প্রয়োজন হলে আমি আরও মানুষ খুন করব। আদালতকে আমার কিছু বলার নেই। ইচ্ছে হলে আমাকে ফাঁসি দিন।” কেরল কৌমুদী-র প্রতিবেদন অনুযায়ী, আদালতেই এই মন্তব্য করেন তিনি। দোষী ব্যক্তি আরও দাবি করেন, তাঁর মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাঁরা গিয়েছেন, একমাত্র তাঁরাই তাঁর কাজের কারণ বুঝতে পারবেন।
চেন্থামারার আইনজীবী আদালতে দাবি করেন, অপরাধ সংঘটিত হওয়ার সময় তাঁর মক্কেল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে জেলা মনোবিদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আদালত সেই দাবি খারিজ করে দেয়।
সরকারি আইনজীবী এম. জে. বিজয়কুমার জানান, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবিই জানাবে প্রসিকিউশন। রায় ঘোষণার পর নিহতদের পরিবার কিছুটা স্বস্তি পেলেও তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।
সুধাকরণের দুই মেয়ে, অখিলা এবং অথুল্যা আদালতের কাছে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে যদি চেন্থামারা মুক্তি পায়, তবে তাঁদেরও নিশানা করতে পারে।
অন্যদিকে, চেন্থামারার আইনজীবী অ্যাডভোকেট জ্যাকব ম্যাথিউ রায়ের সমালোচনা করে দাবি করেন, মামলার প্রমাণ যথেষ্ট গভীরভাবে বিচার করা হয়নি। তিনি এই রায়কে প্রসিকিউশনের জন্য “অপ্রত্যাশিত লটারি” বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, সংবাদমাধ্যমের প্রচার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। ম্যাথিউ জানান, এই দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
এদিকে, নিহত সাজিথার বোন সরিতা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সুধাকরণের দুই মেয়েকে নিরাপত্তা এবং চাকরির সহায়তা দেওয়া হোক। তাঁর দাবি, একই অভিযুক্তের হাতে পৃথক দুটি খুনের ঘটনায় ওই দুই বোন তাঁদের বাবা-মা—উভয়কেই হারিয়েছেন।
Kolkata,West Bengal
