Last Updated:
Huge Money and Gold Recovered from Tulu Mondal Close Aide House: গভীর রাতের মেগা হানায় উত্তাল বীরভূম। রাতভর তল্লাশির পর উদ্ধার পাহাড়প্রমাণ অর্থ ও নথি, পরিস্থিতি সামাল দিতে আনা হল একাধিক টাকা গোনার মেশিন ও ট্রাঙ্ক।
বীরভূম: বীরভূমের বিতর্কিত কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে এক বিশাল পুলিশি তল্লাশি অভিযান বা ‘মেগা রেড’ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই আচমকা চিরুনি তল্লাশি অভিযান বুধবার সকাল গড়িয়েও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। ঘটনার মাত্রা ও বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা রীতিমতো থমথমে হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল কেবল টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়ই নন, তিনি নিজেও দীর্ঘদিন ধরে প্রত্যক্ষভাবে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি, টুলু মণ্ডলের মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন একাধিক পাথরের ক্রাশার ব্যবসার সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। মিনার মণ্ডল সরকারি বাসের চালক ছিলেন। সেচ্ছাবসর নিয়েছেন আগেই। মঙ্গলবার গভীর রাতে আচমকাই বিশালাকার পুলিশ বাহিনী নিয়ে পদস্থ আধিকারিকেরা মিনার মণ্ডলের বাসভবন ঘেরাও করেন। মুহূর্তের মধ্যে বাড়ির সমস্ত প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দিয়ে ভিতরে শুরু হয় জোরকদম তল্লাশি অভিযান। রাতভর ঘরের কোণে কোণে তল্লাশি চালানোর পর বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা।
ঘটনাটিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকাজুড়ে সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং তীব্র কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। অঘটন এড়াতে এবং নিরাপত্তার খাতিরে পুরো বাড়িটি বর্তমানে কড়া পুলিশি বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন একাধিক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে, এর পিছনে কোনও বেআইনি পাথর পাচার, কর ফাঁকি নাকি অন্য কোনও অবৈধ কারবারের যোগসূত্র রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পেশ করা হয়নি। তল্লাশি প্রক্রিয়া ও টাকা গণনা সম্পূর্ণ শেষ হওয়ার পরেই আধিকারিকেরা বিস্তারিত জানাবেন বলে মনে করা হচ্ছে।
Birbhum,West Bengal
Jul 29, 2026 11:38 AM IST
