Last Updated:
Murshidabad News: বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সাগরদিঘীর বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের তৈরি করা লক্ষ টাকার নর্দমা কার্যক্ষেত্রে সাধারণ মানুষের কোনও উপকারেই আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার চেয়ে নর্দমা উঁচু হওয়ায় জল নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ। প্রায় এক দশক ধরে চলা এই দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি? প্রশাসনের আশ্বাস নিয়েই বা কী বলছেন গ্রামবাসীরা?
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্ষা আসতে না আসতেই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা। চরম দুর্ভোগে পড়েছেন সাগরদিঘীর হরহরি দীঘা পাড়া এলাকার কয়েকশো পরিবার। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নর্দমা নির্মাণ করা হলেও কার্যত কোনও কাজেই আসছে না সেই নর্দমা, এমনই অভিযোগ স্থানীয়দের। প্রায় ১০ বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে এই এলাকায়। বর্ষাকাল এলেই রাস্তায় জল জমে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ২ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে নর্দমা নির্মাণ করা হলেও তা সম্পূর্ণ অকার্যকর।
কারণ হিসেবে তারা জানাচ্ছেন, রাস্তার তুলনায় নর্দমার দেওয়াল অনেক উঁচু হওয়ায় রাস্তায় জমা জল নর্দমার প্রবেশই করতে পারে না। এর ফলে প্রতি বছরই জল জমে রাস্তা জলাশয়ে পরিণত হচ্ছে। শুধু যাতায়াতের সমস্যা নয়, এলাকায় থাকা বহু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রায় ১০০-র বেশি পরিবার এই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।
বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, অবিলম্বে কার্যকর জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। অন্যদিকে, এই বিষয়ে সাগরদিঘী পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, “আমরা একাধিকবার এলাকা পরিদর্শন করেছি এবং জল নিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণ করা হয়েছে। রাস্তা ছোট হওয়ার কারণে সম্পূর্ণ নর্দমা ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে নিচু এলাকায় জল জমে যাচ্ছে।” সমস্যার সমাধানে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad News: সাগরদিঘীতে ২ লক্ষ ৮৭ হাজারের ড্রেনই এখন গলার কাঁটা! জলের তলায় রাস্তা, দুর্ভোগে শতাধিক পরিবার