Last Updated:
New Born Death Protest: বেসরকারি নার্সিংহোমে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। অভিযোগ, শিশুটি দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেও চিকিৎসকদের দেখা মেলেনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃত শিশুকে কোলে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ করেন মা।
করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: করিমপুরে সদ্যজাত শিশুর চিকিৎসায় গাফলতির গুরুতর অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। বিচারের দাবিতে পথেই মৃত শিশুকে নিয়ে বসে পড়ল পরিবার। করিমপুর এলাকার একটি নার্সিংহোমে চিকিৎসায় চরম গাফিলতির কারণে এক নবজাতকের মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ। চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা ও অনভিজ্ঞতার কারণেই সদ্যোজাত শিশুটির অকাল মৃত্যু হয়েছে দাবি। করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার।
ঘটনার সঠিক বিচার ও দোষীদের শাস্তির দাবিতে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকী রাস্তায় মৃত শিশুকে নিয়ে বসে পড়তে দেখা যায় শিশুর মা এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে। শিশুর বাবা মৃন্ময় বিশ্বাস জানান, গত মঙ্গলবার তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং ক্রমাগত কাঁদতে থাকে। পরিবারের অভিযোগ, প্রথমে শিশুটিকে টিকা দেওয়া হয়। শিশুটি কষ্ট পেয়ে কান্নাকাটি করা সত্ত্বেও কোনও বিশেষজ্ঞ চিকিৎসক এসে তাকে পরীক্ষা করেননি।
তিনি আরও বলেন, এই নার্সিংহোমে না আছে কোনও ডাক্তার, না আছে সঠিক পরিষেবা। আমরা সঠিক বিচার চাই।” শিশুটির দাদু জানান, প্রাথমিক অবস্থায় পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁরা সড়ক অবরোধ করতে বাধ্য হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে করিমপুর থানায় সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্র ও নার্সদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করিমপুর থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
