Last Updated:
Pune Murder: কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নয়া মোড়৷ কেতনের বাবা পুণের ব্যবসায়ী বিশাল আগরওয়ালের দাবি, পরচুলার জন্যই নাকি তাঁর ছেলেকে খুন করেছে হবু বৌমা সিয়া৷
পুণে: কেতন আগরওয়ালের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য৷ পুণের ব্যবসায়ীকে কেন খুন করেছিলেন হবু স্ত্রী সিয়া? কেতনের বাবা বিশাল আগরওয়ালের দাবি, মাথার ‘পরচুলার’ জন্যই হয়তো তাঁর ছেলেকে হত্যা করেছে সিয়া ও তার প্রেমিক! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মৃত কেতনের বাবা পুণের ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷
সাংবাদিকদের সামনে ধরা গলাতেই তিনি বলেন, ‘‘আমরা আগেই সিয়া গোয়ালের পরিবারকে জানিয়েছিলাম যে কেতন মাথায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করে। কিন্তু এটা কি কাউকে খুন করার মতো কারণ হতে পারে?’’ পুনেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ তিনি জানালেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, অভিযুক্তদের যেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মামলার দ্রুত বিচার হবে। এছাড়াও আমাকে জানানো হয়েছে যে এই মামলায় একটি SIT গঠন করা হয়েছে।’’
গত ১৮ জুন পুনের কাছে ঐতিহাসিক লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে কেতন আগরওয়ালের মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, তদন্তে উঠে আসে যে তাঁকে পরিকল্পিতভাবে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এরপরই পুলিশ খুনের মামলা রুজু করে।
তদন্তকারীদের দাবি, মূল অভিযুক্ত সিয়া গোয়াল কেতনকে বিয়ে করতে চাইছিলেন না। একই সঙ্গে পরিবারের তরফে বিয়ের জন্য তাঁর উপর চাপও ছিল বলে অভিযোগ। পুলিশ মনে করছে, এই বিষয়টিই হত্যার ষড়যন্ত্রের অন্যতম কারণ হতে পারে। যদিও তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত মোটিভ সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিশাল আগরওয়ালের আরও দাবি, লোহাগড়ে ট্রেকিংয়ে যাওয়ার পরিকল্পনাটি সিয়ারই ছিল এবং তিনিই সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ‘কল্পনারও বাইরে’— বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” এবং “কল্পনারও বাইরে” বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।
তিনি বলেন, “এটি এমন একটি ঘটনা, যা সমাজ হিসেবে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। শিক্ষিত ও সচ্ছল পরিবারের সন্তানদের মধ্যে এতটা বিদ্বেষপূর্ণ এবং ধ্বংসাত্মক মানসিকতা কীভাবে তৈরি হচ্ছে? এর কারণ কী? আমাদের তা নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার।”
মুখ্যমন্ত্রীর মতে, এই ঘটনাকে শুধুমাত্র একটি অপরাধ হিসেবে দেখলে চলবে না। বরং সমাজের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। তিনি বলেন, “আমাদের ভাবতে হবে, কী ধরনের সামাজিক পরিবেশ ও মূল্যবোধ গড়ে তুলতে হবে যাতে এত অল্প বয়সে প্রতিশোধপরায়ণ ও নিষ্ঠুর মানসিকতা তৈরি না হয়। এই ঘটনা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক।”
Kolkata,West Bengal
