Last Updated:
Purulia Hospital New Rules: রাজ্য সরকারের নির্দেশিকায় ভোলবদল হচ্ছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং রেফার রোগ কমানোর পাশাপাশি ভবিষ্যতে এমআরআই ও কার্ডিওলজির মতো আধুনিক চিকিৎসা পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ, আধুনিক ও উন্নত করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হাসপাতালগুলিতে দালালরাজ বন্ধ করা, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুকিং চালু করা, বেডের কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা, রোগী রেফারে নিয়ন্ত্রণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার মতো একাধিক উদ্যোগকে ঘিরে আশার আলো দেখছেন পুরুলিয়ার মানুষ। এই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগী ও তাঁদের পরিবারের সুবিধার্থে স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র নিশ্চিত করা এবং অ্যাম্বুল্যান্স পরিষেবাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার প্রস্তুতি শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দেবদীপ মুখার্জি বলেন, স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে নির্দেশ দিয়েছেন ধীরে ধীরে সেই ভাবেই কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে তাদের। আগামী দিনে স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে সমস্ত কাজ হবে।
২০২০ সালে পুরুলিয়া সদর হাসপাতালকে উন্নীত করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হয়। বর্তমানে হাসপাতালটির দু’টি পৃথক ক্যাম্পাস রয়েছে একটি পুরুলিয়া শহরে এবং অন্যটি হাতোয়াড়া গ্রামে। শহর ক্যাম্পাসে রয়েছে জরুরি বিভাগ, প্রসূতি ও মা-শিশু বিভাগ। অন্যদিকে হাতোয়াড়া ক্যাম্পাসে আউটডোর পরিষেবা, অপারেশন বিভাগ এবং মেডিক্যাল শিক্ষার ব্যবস্থা রয়েছে। ধীরে ধীরে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো আরও সম্প্রসারণের দিকেও নজর দেওয়া হচ্ছে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia Hospital New Rules: নয়া অ্যাপ, অ্যাম্বুল্যান্সের নিয়মে বদল…! হাসপাতালে দালালরাজ ঠেকাতে একগুচ্ছ প্ল্যান, জানুন কী কী হতে চলেছে পুরুলিয়ায়