সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাক্ষাৎকারের বড় একটি অংশ জুড়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তাঁর অভিযোগ, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা বেড়েছে। তিনি দাবি করেন, একাধিক মন্দির ভাঙচুর হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে এবং তাদের ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।শেখ হাসিনার মতে, সংখ্যালঘুরা বাংলাদেশের সমান নাগরিক এবং তাঁদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপর হামলা এবং উপাসনালয়ে আক্রমণ বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
