Last Updated:
North Sikkim: পরিস্থিতির ওপর নজর মঙ্গন জেলা প্রশাসনের। আপাতত যান চলাচল বন্ধ।
ফিডাং: রাতভর অবিরাম বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি নর্থ সিকিমে। ডংজু যাওয়ার পথে ফিডাংয়ে বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ী নদীর জল বেড়ে যাওয়ায় শুরু হয়েছে বিপত্তি! সেতুর বড় অংশ কার্যত উড়ে গিয়েছে।এদিকে রাত থেকে অবিরাম বৃষ্টি ধূপগুড়ি-সহ ডুয়ার্সে। নদীর জলস্তর বাড়ছে ক্রমেই৷ নাগরাকাটা ও বানারহাটে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত থেকে মাঝারি ও ভারী বৃষ্টি। শনিবার রাত থেকেই ধূপগুড়ি, বানারহাট-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। এর জেরে ক্রমশ বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জলস্তর। ডুয়ার্সের ডায়না, জলঢাকা, তিস্তা, তোর্সা, মূর্তি-সহ একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। যদিও সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, পাহাড়ে মাঝেমধ্যেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টি চলতে থাকলে পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। বুধবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা বেশ কিছু জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। দার্জিলিং-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার ওপরের পাঁচ জেলাতে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 28, 2026 10:39 AM IST
