Last Updated:
Snake Bite: বর্ষা নামতেই সাপের কামড়ে জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের বেলদা ও কেশিয়াড়ীতে। মাঠে কাজ করার সময় এবং রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন দুই গ্রামবাসী। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, জারি হয়েছে প্রশাসনিক সতর্কতা।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্ষার শুরুতেই সাপের উপদ্রব। আর তার জেরেই সাপের কামড়ে পরপর দু’জনের মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা ও কেশিয়াড়ী এলাকায়। এই জোড়া মৃত্যুর ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গে বর্ষার মরশুমে সাপের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ী থানার হাসিমপুর গ্রামে। মৃতার নাম মতি টুডু। গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে মেঝেতে বিছানা করে ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে তিনি পরিবারের সদস্যদের জানান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে বেলদা থানার ময়নাপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম পূর্ণ হেমব্রম। জানা যায়, গত ৩০ মে মাঠে বাদাম তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পায়ে একটি বিষধর সাপ ছোবল মারে বলে অভিযোগ। পরিবারের লোকজন তাঁকে প্রথমে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকদের পরামর্শ মত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বেশ কয়েকদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে শুক্রবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
পরপর এমন দু’টি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বেলদা ও কেশিয়াড়ি এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। মাঠেঘাটে কাজ করতে গিয়ে বা বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। বর্ষাকালে ঝোপজঙ্গল বৃদ্ধি পায়, ফলে সাপের উপদ্রবও বাড়ে। এই পরিস্থিতিতে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধি করতে রাত্রে অন্ধকারে চলাফেরার সময় আলো ব্যবহার এবং মেঝেতে না ঘুমানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
Paschim Medinipur,West Bengal
