Last Updated:
Supreme Court: কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিল পূর্বতন তৃণমূল সরকার৷ এবার সেই ওবিসি (OBC) তালিকা সংক্রান্ত মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করে নিল রাজ্য সরকার৷
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্য সরকারের। কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্যের ওবিসি (OBC) তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের (যার মধ্যে ৭৫টি মুসলিম সম্প্রদায়) অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে তৃণমূল সরকার।আজ, মঙ্গলবার সর্বোচ্চ আদালত থেকে সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।
সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল অ্যাডভোকেট কুনাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে প্রত্যাহার করেছে।
সুপ্রিম কোর্ট আপিল প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে, এই মামলায় অন্য কোনও ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে তাদের নিজস্ব আপিল চালিয়ে যেতে বা দায়ের করতে পারবে।
প্রসঙ্গত, ওবিসি সংরক্ষণ নিয়েও পূর্বতন সরকারের চেয়ে বিরূপ মনোভাব বর্তমান সরকারের৷ গত বিধানসভা অধিবেশনেই ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল বিধানসভায় পেশ করেন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তৃণমূল জমানার ২০১২ সালের আইন সংশোধনের লক্ষ্যে এবার আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান এসসি অ্যান্ড এসটি) (রিজ়ার্ভেশন অফ ভেকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট্স অ্যামেন্ডমেন্ট বিল), ২০২৬’। সেই সঙ্গেই পেশ করা হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্যের। বাড়ান হচ্ছে ওবিসি কমিশনের কাজের পদ্ধতিও।
পাশাপাশি, ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় বিল পাশের আগেই সংরক্ষণ সংক্রান্ত মামলা হয় হাইকোর্টে৷ শংসাপত্র যাচাই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীর বক্তব্য, অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা না করেই সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। ওই সিদ্ধান্ত আইন মেনে হয়নি বলেও অভিযোগ আবেদনকারী পক্ষের।
Kolkata,West Bengal
