Last Updated:
নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করে গিয়েছিলেন লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
আগামিকাল, মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর৷ কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছিল৷ অবশেষে আগামিকাল, সেই বৈঠক হওয়ার কথা৷
মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসসদের বৈঠক নিয়ে দিল্লিতেও যথেষ্ট কৌতূহল রয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কী কী বিষয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে মুখ খুলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের একাধিক সমস্যা রয়েছে৷ অনেকেই এখনও নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না৷ বহু রাজনৈতিক কর্মী, সমর্থক এখনও ঘরছাড়াও রয়েছেন৷ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেই আগামিকাল মুখ্যমন্ত্রী দিল্লিতে আসছেন বলে জানিয়েছেন প্রবীণ সাংসদ৷
এর পাশাপাশি, আগামী পুরসভা নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, গত মঙ্গলবারও দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা ছিল৷ শেষ পর্যন্ত অবশ্য বৈঠকের আগের দিন দিল্লি যাত্রা বাতিল করেন শুভেন্দু অধিকারী৷
মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই বৈঠক ঘিরে দিল্লির রাজনৈতিক মহলেও জোর জল্পনা শুরু হয়েছিল৷ পরে অবশ্য জানা গিয়েছিল, সংসদে রাজ্যের কোন কোন বিষয় নিয়ে সরব হতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই মূলত এনসিপিআই সাংসদদের আলোচনা হওয়ার কথা ছিল৷ রাজ্য সরকার যে বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছে, সাংসদ তহবিলের অর্থ যাতে সেই প্রকল্পগুলিতেই খরচের উপরে এনসিপিআই সাংসদরা জোর দেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল৷
এরই মধ্যে মমতাপন্থী আরও দুই তৃণমূল সাংসদের এনসিপিআই-তে যোগ দেওয়া নিয়ে দিল্লিতে জল্পনা ছড়িয়েছে৷ কালীঘাট শিবিরের দুই সাংসদ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে এ দিন স্বীকারও করেছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷
Kolkata,West Bengal
