Last Updated:
Toto Accident: অনিয়ন্ত্রিত গতিতে টোটো চালিয়ে চায়ের দোকানে সজোরে ধাক্কা।প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী টোটো চালক। মৃতের নাম স্বপন কুমার জানা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, স্বপন বাবু মদ্যপ অবস্থায় টোটো নিয়ে বের হয়ে পরপর কয়েকটি ছোট দুর্ঘটনা ঘটান। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে সজোরে ধাক্কা মারেন।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে ঘটে গেল এক হাড়হিম করা পথ দুর্ঘটনা। অনিয়ন্ত্রিত গতিতে টোটো চালিয়ে চায়ের দোকানে সজোরে ধাক্কা মারার ফলে প্রাণ হারালেন এক টোটো চালক। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত চালকের নাম স্বপন কুমার জানা (৪৫)। তিনি নবদ্বীপের রানিরচড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে এবং মৃত টোটো চালকের আত্মীয়ের কাছ থেকে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্বপন কুমার জানা মদ্যপ অবস্থায় টোটো নিয়ে বের হয়েছিলেন। প্রথমে রানিরচড়া হনুমান মন্দিরের কাছে একটি ছোট দুর্ঘটনা ঘটান তিনি। সেখান থেকে কোনওমতে বেরিয়ে এসে একটি অনুষ্ঠান হলের সামনেও পুনরায় ধাক্কা মারেন। এরপর আরও দ্রুতগতিতে টোটো চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অরুণ মোদক নামে এক ব্যক্তির চায়ের দোকানে সজোরে ধাক্কা মারেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্বপন বাবুর ভগ্নিপতি পরমানন্দ কর্মকার। তিনি জানান, খবর পেয়েই তিনি দ্রুত সেখানে যান এবং স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় স্বপন বাবুকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃত চালকের পরিবারে তাঁর বৃদ্ধা মা ও ছেলে রয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবার জুড়ে এখন শোকের ছায়া।
Nadia,West Bengal
