Last Updated:
West Bengal Assembly Election 2026: আজ ২০২৬ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা। সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটগণনা সম্পন্ন করতে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জানুন বিস্তারিত।
মালদহ, জিএম মোমিনঃ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে মালদহ জেলায় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটগণনা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানান, “পুরো জেলা জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং গণনাকেন্দ্রগুলিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে।”
জানা গিয়েছে, দু’টি গণনাকেন্দ্রে জেলার ১২টি বিধানসভার ইভিএম সংরক্ষিত রয়েছে। মালদহ কলেজে ৫টি এবং মালদহ পলিটেকনিক কলেজে ৭টি আসনের ইভিএম রাখা হয়েছে। এই দুই কেন্দ্রেই ভোটগণনা হবে। ইতিমধ্যেই ইভিএমগুলি কড়া নিরাপত্তার মধ্যে সিল করে রাখা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের পাশাপাশি ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গোটা প্রক্রিয়া।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোটগণনা শুরু হবে। এরপর ধাপে ধাপে ইভিএমের ভোটগণনা চলবে। জেলাশাসক জানান, হবিবপুর বিধানসভায় ২০ রাউন্ড গণনা হবে, গাজোলে প্রায় ২১ রাউন্ড, চাঁচলে ১৮ রাউন্ড এবং হরিশ্চন্দ্রপুরে ১৯ রাউন্ড গণনা হবে। এছাড়া মালতীপুরে ১৮ রাউন্ড, রতুয়ায় ২২ রাউন্ড, মানিকচকে ২১ রাউন্ড, মালদহে ২০ রাউন্ড, ইংলিশবাজারে ২২ রাউন্ড, মোথাবাড়িতে ১৬ রাউন্ড, সুজাপুরে ১৯ রাউন্ড এবং বৈষ্ণবনগরে ২০ রাউন্ড গণনা হবে। প্রতিটি গণনাকেন্দ্রে ১৪টি করে টেবিল থাকবে এবং প্রায় ৮৫০ জন গণনাকর্মী দায়িত্বে থাকবেন।
নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে ২০০টি কুইক রেসপন্স টিম। গণনাকেন্দ্রের আশেপাশে ৫০০ মিটার পর্যন্ত জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও বিশেষ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। গণনাকর্মীদের আইকার্ডে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে, যাতে পরিচয় যাচাই আরও কঠোরভাবে করা যায়। গণনাকেন্দ্রগুলিতে প্রার্থী ও তাঁদের এজেন্টদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। কেন্দ্রের ১০০ মিটার দূরে রাজনৈতিক কর্মীদের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ১৬৩ বিএনএস ধারা কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, মালদহ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০। সব মিলিয়ে, কড়া নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় মালদহে ভোটগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন।
Maldah,West Bengal
WB Assembly Election 2026: জমায়েত এড়াতে উড়বে ড্রোন, বিশেষ কন্ট্রোল রুম থেকে সর্বক্ষণ নজরদারি! ভোটগণনায় মালদহে নিরাপত্তার বজ্রআঁটুনি, জানুন খুঁটিনাটি