Last Updated:
WB Police Job Preparation: অর্থাভাব ও সঠিক গাইডেন্সের অভাবে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের চাকরির স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তার জন্য অভিনব প্রশিক্ষণ শিবির চালু করল জেলা পুলিশ প্রশাসন। সম্পূর্ণ বিনামূল্যে মাঠের প্রস্তুতি ও ক্লাসরুম কোচিংয়ের মাধ্যমে কয়েকশো চাকরিপ্রার্থীকে স্বাবলম্বী করে তোলাই এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য।
কেশপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীতে চাকরির স্বপ্ন দেখেন বহু তরুণ-তরুণী। কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীদের কাছে সঠিক দিশা ও উন্নত প্রশিক্ষণের সুযোগ সবসময় পৌঁছয় না। অর্থাভাব এবং সঠিক নির্দেশনার অভাবে অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যায়। পড়ুয়াদের সেই দীর্ঘকালীন বাধা দূর করে তাদের চাকরির পরীক্ষার উপযুক্ত করে তুলতে এবার এক অভিনব উদ্যোগ নিল রাজ্য পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও আনন্দপুর এলাকার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হল ‘প্রস্তুতি’ নামের এক বিশেষ পাইলট প্রজেক্ট।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আগামী দিনে পুলিশে বিপুল নিয়োগের সম্ভাবনা রয়েছে। সেই সুযোগকে গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তার জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আপাতত এই প্রকল্পের আওতায় কেশপুর ও আনন্দপুর এলাকার স্কুলগুলির প্রায় ৫০০ থেকে ৬০০ জন ছাত্র-ছাত্রীকে যুক্ত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রায় ৩৫০ জনই ছাত্রী। মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি, আত্মনির্ভরতা এবং দ্রুত আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতেই পুলিশ প্রশাসন এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
এই শিবিরে অংশগ্রহণকারীদের পুলিশ কনস্টেবল ও আধাসামরিক বাহিনীর বিভিন্ন পরীক্ষার জন্য শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি লিখিত পরীক্ষার নিখুঁত প্রস্তুতি দেওয়া হবে। জানা গিয়েছে, শারীরিক কসরতের সঙ্গে সাধারণ জ্ঞান (জিকে) এবং জেনারেল ইন্টেলিজেন্স (জিআই)-এর মতো বিষয়গুলিও খুব ভাল করে শেখান হবে পড়ুয়াদের। বর্তমানে কর্মরত ও অভিজ্ঞ পুলিশকর্মীরাই নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একেবারে তৃণমূল স্তর থেকে পড়ুয়াদের প্রশিক্ষণ দেবেন।
Paschim Medinipur,West Bengal