Last Updated:
ভারতে বেআইনি ভাবে প্রবেশ করে অবৈধ ভাবে বসবাস করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নিয়ে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে বিএসএফের হাতে তুলে দিয়েছে পুলিশ।
অর্পণ মণ্ডল, বারুইপুর: অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ৫ বাংলাদেশি নাগরিক, অভিযুক্তদের সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে বিএসএফের হাতে তুলে দিল বারুইপুর পুলিশ জেলা।
পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর মধ্যে বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে তিন জন, জীবনতলা থানা এলাকা থেকে একজন এবং মন্দিরবাজার থানা এলাকা থেকে এক জনকে আটক করা হয়েছিল।
আটকের পর ওই পাঁচ জনকেই বারুইপুর হোল্ডিং সেন্টারে রাখা হয়। সেখানে কাগজপত্র যাচাই ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ, সোমবার তাদের বাংলাদেশ সীমান্তে 102 BN BSF-এর ডোবিলা BOP-তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই ওই পাঁচ জনকে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বর্তমানে বারুইপুর হোল্ডিং সেন্টারে আর কোনও অবৈধ বাংলাদেশি নাগরিক আটক নেই বলে পুলিশ জানিয়েছে। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, অবৈধ ভাবে বাংলায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে বলে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর আগে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেছিলেন, “কোনও অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে থাকতে পারবে না। তাদের জেলে ভরা হবে না, কারণ জেলে রাখলে দেশের সাধারণ মানুষের করের টাকায় তাদের খাওয়া-চিকিৎসার দায় নিতে হবে। তাই ধরা পড়লে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং পরে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 31, 2026 10:41 PM IST
