কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবনে যে ঝড় চলছে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। প্রথমে গুঞ্জন এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা ভিডিও শেয়ার করে, রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) জানিয়েছিলেন যে, ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে সেই সমস্ত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। সমস্যাটা ব্যক্তিগতভাবেই মেটাতে চান তিনি, তবে বিভিন্ন কথায় তিনি যথেষ্ট বিব্রত। সেই কারণেই একটি লম্বা ভিডিও করে গোটা বিষয়টা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন তিনি। তবে এরপরে, সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের কাজ সংক্রান্ত বিভিন্ন কথা শেয়ার করে নেন তিনি। আর সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নিয়েছেন তিনি। কী লিখেছেন রণজয় বিষ্ণু?
রণজয়-শ্যামৌপ্তির আলাপ, প্রেম গড়ায় বিয়ের পিঁড়িতে
সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তিনি লিখেছেন, ‘আত্মসম্মানের সঙ্গে আপোষ করা যায় না। শান্তি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একাকিত্ব আমার স্বাধীনতা আর নিজের হয়ে ওঠা তো একটা সফর..’ সোশ্যাল মিডিয়ায় এই কোটগুলির সঙ্গে রণজয় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে তাঁকে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। তবে রণজয়ের এই পোস্টকে অনুরাগীরা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন। রণজয় আর শ্যামৌপ্তির বিয়ের বছর ঘোরেনি এখনও। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় আর শ্যামৌপ্তি। ধারাবাহিক ‘গুড্ডি’-তে অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ, আর তারপরেই প্রেম। আইনি বিয়ে সেরে একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন রণজয় শ্যামৌপ্তি। সেই কথা অবশ্য প্রায় কেউই জানতেন না। এরপরে, ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে সারেন রণজয় আর শ্যামৌপ্তি। তাঁদের স্বপ্নের বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন যুগলের অনুরাগীরাও।
কেন রণজয়-শ্যামৌপ্তির সম্পর্ক চর্চায়?
তবে বছর ঘুরতে রা ঘুরতেই ছন্দপতন। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, একাধিক সমস্য়ার অভিযোগ করে নাকি ইতিমধ্যেই বাড়ি ছেড়েছেন শ্যামৌপ্তি। নতুন ধারাবাহিকে রণজয় কাজ শুরু করার পর থেকেই নায়িকা অভীকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সেটা রণজয় শ্যামৌপ্তির মধ্যে দূরত্ব তৈরি হওয়ার একটা কারণ বলে তুলে ধরতে চান অনেকে। একাংশ আবার বলেছেন, অন্য সম্পর্কে নাকি জড়িয়েছেন শ্যামৌপ্তিই। স্বামী-স্ত্রীর মধ্যে আর্থিক বিষয় নিয়েও নাকি একাধিক মতপার্থক্য হয়েছে। সেই কারণেই নাকি আলাদা থাকছেন রণজয় আর শ্যামৌপ্তি। তবে রণজয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে জানিয়েছেন যে, সমস্যা যদি কিছু হয়েও থাকে, তাহলে সেটা তিনি ও শ্যামৌপ্তি নিজেরাই মিটিয়ে ফেলতে চান। বিষয়টা নিয়ে সর্বসমক্ষে কথা বলতে চান না রণজয়। অন্যদিকে শ্যামৌপ্তিও এই বিষয় নিয়ে ঠোঁটফাঁক করতে চান না।
আরও পড়ুন: Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা