Last Updated:
একই সঙ্গে, বিচারিক শুনানির লাইভস্ট্রিমিং সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা কতটা কার্যকরভাবে মানা হচ্ছে, সে বিষয়ে রিপোর্ট জমা দিতে দেশের বিভিন্ন হাইকোর্টকেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
নয়াদিল্লি: আদালতের শুনানির অডিও বা ভিডিও প্রকাশ নিয়ে নতুন অন্তর্বর্তী নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। এবার থেকে সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া শুনানির কোনও অডিও বা ভিডিও সমাজমাধ্যম কিংবা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ, আপলোড বা ব্যবহার করা যাবে না।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আদালতের কার্যক্রমের রেকর্ডিং প্রকাশ, সম্পাদনা (এডিট), পুনরায় পোস্ট (রি-পোস্ট), আপলোড কিংবা বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার—সবই নিষিদ্ধ থাকবে, যদি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া হয়।
আদালত স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এবং হাইকোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রার জেনারেলের পূর্বানুমতি ছাড়া শুনানির অডিও-ভিডিও কোনওভাবেই ব্যবহার করা যাবে না। একটি জনস্বার্থ মামলার শুনানির পর এই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি আদালতের কার্যক্রমের রেকর্ডিংয়ের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিক হর্ষিতা গ্রোভার দায়ের করা একটি জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলায় আদালতের কার্যক্রমের ভিডিও ক্লিপ সম্পাদনা, শেয়ার এবং তা থেকে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহারের উপর নিয়ন্ত্রণে স্পষ্ট নির্দেশিকা তৈরির আর্জি জানানো হয়েছিল।
শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে, আদালতের কার্যক্রমের নির্বাচিত অংশ বা প্রসঙ্গবিচ্যুত (out-of-context) ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে। এছাড়া, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করতে কোন কোন মন্ত্রক নোডাল সংস্থা হিসেবে কাজ করবে, সেই বিষয়ে প্রস্তাব দিতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
