রবিবার CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতে থাকা আলোচনার ফলাফলের উপরই পরবর্তী হামলার বিষয়টি নির্ভর করবে। তিনি বলেন, ইরান যদি একটি শক্তিশালী চুক্তিতে সম্মত হয়, তাহলে ফের সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’।
ট্রাম্প বলেন, “তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করে কি না, তার উপরই সবকিছু নির্ভর করছে।”
তিনি আরও জানান, প্রয়োজন হলে আমেরিকা এখনও সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। তবে আর এক দফা হামলার প্রয়োজন হবে না বলেই তিনি আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে।
CNN-কে তিনি বলেন, “প্রয়োজন হলে আমি তা করব। কিন্তু আমরা ওদের উপর ভীষণ কঠোর হামলা চালিয়েছি। আমি কতটা কঠোর হামলা চালিয়েছি, তা তোমরা জানো না।”
আরও সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব বলে কেন তিনি মনে করছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আর্থিকভাবে ওরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আমরা সামরিকভাবেও ওদের উপর হামলা চালিয়েছি। আমরা ওদের সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারি।”
ইরানের অভ্যন্তরে সম্ভাব্য টার্গেট নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, আমেরিকা এমন ৩৮টি সেতু চিহ্নিত করেছে, যেগুলি এক ঘণ্টার মধ্যে ধ্বংস করা সম্ভব। তবে এই মন্তব্যের আগে CNN-এর পক্ষ থেকে কী প্রশ্ন করা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।
রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর ইরান যুদ্ধ হয়ে উঠেছে রাজনৈতিক ইস্যু:
গত ৩ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলাফলের পর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। নির্বাচনের ফল প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ইরান সংঘাতও এখন তাঁর দলের সামনে অন্যতম বড় ইস্যু হিসেবে উঠে এসেছে।
পরের দিন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নির্বাচনে দলের পরাজয় নিয়ে মুখ খোলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমেরিকার সাধারণ মানুষের উপর যুদ্ধের প্রভাবকেই রিপাবলিকানদের নির্বাচনী ক্ষতির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পও স্বীকার করেছেন, নির্বাচনের ফলাফলে ইরান সংঘাতের প্রভাব পড়েছে। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে তিনি জানান, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে তাঁর বক্তব্যের সুরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ, বৃহস্পতিবারই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমেরিকার সেনাবাহিনী আরও সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে বাকি কাজটুকু যদি আমাদের করতে হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।” পাশাপাশি তিনি জানান, আমেরিকা তার সামরিক বাহিনীর জন্য আগের যেকোনও সময়ের তুলনায় বেশি অস্ত্র তৈরি করছে।